ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কৃষি জমিতে সেচ দেওয়া নিয়ে ঝগড়া, সংঘর্ষে আহত ১৫

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ মার্চ, ২০২৬ ১৫:৫৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


কৃষি জমিতে সেচ দেওয়া নিয়ে ঝগড়া, সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে হাঁসুয়া, ফলাসহ দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

সোমবার (২ মার্চ) দুপুরের দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে চরাচিথুলিয়া গ্রামের মাঠের মধ্যে রহমান সরকারের স্কিমের মেশিন থেকে দানেজ সরকারের জমিতে সেচের পানি চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রহমান সরকার ও দানেজ সরকারের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মাঠের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে স্কিম পরিচালক আব্দুর রহমান, আজমত সরকার, লুৎফর সরকার, আনিস সরকার, ইসমাইল সরকার, লিমন সরকার, রাজ্জাক সরকার, মঞ্জেলা খাতুন, রাজিয়া খাতুন, দানেজ সরকার,  আল আমিন, সোহেল, আকরাম, শুকুর, হাফিজা খাতুনসহ অন্তত ১৫ জন আহত হন।

 

আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্কিম পরিচালক আব্দুর রহমান জানান, দানেজ সরকারের জমিতে দুইবার সেচ দেওয়া হয়েছে। কিন্তু লাঙ্গল দিয়ে চাষ না করায় প্রতিবারই পানি শুকিয়ে গেছে। আবার ট্রাক্টর না এনে ফের পানি চাইলে নিষেধ করা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে হামলা চালান তিনি। পরে বাড়ির অন্যরা ঠেকাতে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। 

 

অপরদিকে দানেজ সরকার জানান, তিনি তার জমিতে সেচ চাচ্ছেন সকাল থেকেই। সেচ না দিয়ে বকাঝকা করতে থাকেন রহমান। বকাবকি করতে নিষেধ করলে তার ওপর হামলে পড়েন তিনি।

তখন স্বজনরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। 

 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, জমিতে সেচ দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 


   আরও সংবাদ