ঢাকা, রবিবার, ০১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অবিলম্বে উত্তেজনা বন্ধ করতে কাতার-সৌদি আরবের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


অবিলম্বে উত্তেজনা বন্ধ করতে কাতার-সৌদি আরবের আহ্বান

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়েছে। তেহরান ইতোমধ্যে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি উপসাগরীয় বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা বন্ধ করতে আহ্বান জানিয়েছে কাতার ও সৌদি আরব।

আল জাজিরা জানিয়েছে, হামলা নিজ ভূখণ্ডে হামলার পর ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক অবস্থান রয়েছে, সেগুলোয় পাল্টা হামলা চালায়।

এর মধ্যেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম ইবনে হামাদ আল থানি। তারা চলমান পরিস্থিতি ও তার আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর প্রভাব নিয়ে মত বিনিময় করেন।

 

এ সময় তারা দুজনই ‘যেকোনো উত্তেজনা অবিলম্বে বন্ধ করা’ এবং আলোচনার টেবিলে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ, কাতার ও সৌদি আরব চায় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান পরিস্থিতি এখনই বন্ধ হোক।

 

 

সৌদি আরব নিশ্চিত করেছে, তারা কাতার রাষ্ট্রের প্রতি ‘পূর্ণ সংহতি ও সমর্থন প্রকাশ করছে’ এবং দেশটির ভূখণ্ডকে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্য করার বিষয়কে ‘কঠোর নিন্দা’ জানাচ্ছে। সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতারের নেওয়া সমস্ত পদক্ষেপে সম্ভাব্য সহায়তা প্রদানেরও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

কাতারের আমির বিন সালমানের ‘ভ্রাতৃত্বপূর্ণ সৌদি আরবের দৃঢ় অবস্থান, আন্তরিক ভ্রাতৃত্বপূর্ণ সংহতি এবং কাতার ও এর জনগণের প্রতি অটল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা’ প্রকাশ করেছেন।

কিন্তু ইরান থামবার পাত্র নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস অরাঘচি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দৃঢ় বার্তায় তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী আগ্রাসীদের তাদের প্রাপ্য শিক্ষা শিখিয়ে দেবে। 

 

আরাঘচি লিখেছেন, নেতানিয়াহু ও ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ সম্পূর্ণ অপ্ররোচিত, অবৈধ ও বেআইনি। ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’কে ‘ইসরায়েল ফার্স্টে’  পরিণত করেছেন; যা সবসময়ই মানে ‘আমেরিকা লাস্ট’। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই দিনের জন্য প্রস্তুত এবং আগ্রাসীদের তাদের প্রাপ্য শিক্ষা শিখিয়ে দেবে।

তার বার্তায় ২০১২ সালের ট্রাম্পের একটি টুইটের স্ক্রিনশটও সংযুক্ত ছিল, যেখানে লেখা ছিল: ‘এবার যখন ওবামার ভোটের হার নিম্নগামী; দেখুন সে লিবিয়া বা ইরানে আক্রমণ চালাতে পারে।

সে বেপরোয়া।’

 

মধ্যপ্রাচ্যে দ্রুত পরিবর্তনশীল এই পরিস্থিতি ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনাগুলোর বিস্তারিত জানতে সংশ্লিষ্ট দেশগুলো তদন্ত ও পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।


   আরও সংবাদ