ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:১৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
নতুন প্রজন্ম প্রশাসনের প্রতিটি কাজ পর্যবেক্ষণ করছে, তাই ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত জেলার সব সরকারি-কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের সেবা নিশ্চিত করতে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে। গণঅভ্যুত্থানের আগে যে মানসিকতায় কাজ করা হয়েছে, সেই ধরনের কাজ আর করা যাবে না।
দেশ এখন অনেক অগ্রসর হয়েছে। আমরা যদি ভুল করি, তার খেসারত দিতে ১৭ বছর লাগবে না। অল্প সময়ের মধ্যেই ভুলের ফল ভোগ করতে হবে। বিষয়টি সবাইকে ধারণ করতে হবে।
তিনি বলেন, কে মন্ত্রী, কে সংসদ সদস্য বা কে সরকারি কর্মকর্তা, সেটি বড় বিষয় নয়। আমরা একটি দল হিসেবে দেশ গঠনে একসঙ্গে কাজ করব। ফুল নিয়ে এসে তিরস্কার নিয়ে যেতে চাই না। সে কারণে শতভাগ দুর্নীতিমুক্ত হতে হবে।
সমাজ থেকে নেশা নির্মূল, ইভটিজিং বন্ধ এবং চাঁদাবাজি উৎখাত করতে হবে।
মন্ত্রী আরও বলেন, আমরা প্রশাসনের কাছে কোনো অবৈধ অনুরোধ করলে আপনারা প্রধানমন্ত্রীর কাছে আমাদের নামে অভিযোগ দিতে পারেন। তবে জেলায় কোনো দুর্নীতি হলে কোনো ধরনের অন্যায় সহ্য করা হবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দেশের স্বার্থে কাজ করে দেখাতে হবে।
মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন, মনজুর এলাহী ও আশরাফ উদ্দিন বকুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল ফারুক, ডা. সৈয়দ আমিরুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।