ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১৮:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
জনদুর্ভোগের কথা বিবেচনা করে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকগুলো কাজই করছেন জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি বলেছেন, তিনি রাস্তায় প্রটোকল নিচ্ছেন না, একটু আগেই অফিস চলে আসছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।
প্রথম মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রী বা সচিবদের জন্য কোনো নির্দেশনা দিয়েছেন কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উনি প্রথম দিনেই (প্রথম অনানুষ্ঠানিক বৈঠক) দিয়ে দিয়েছেন। তার পরবর্তীকালে যেগুলো নির্দেশনা ছিল সেগুলো আমরা পাস আউট করে দিয়েছি সবাইকে।
অনানুষ্ঠানিক প্রথম বৈঠকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা- প্রশ্নে তিনি বলেন, প্রথম বৈঠকে উনি সচিবদের যা বলার তা সরাসরি বলে দিয়েছেন। যে অনুসিদ্ধান্ত আসে সেগুলো পাস আউট করে দিয়েছি যে, কর্মকর্তা-কর্মচারীরা যদি সঠিক সময়ে না আসেন তাহলে সরকারের যে আইনানুগ প্রক্রিয়া আছে সেটা নিঁখুতভাবে অনুসরণ করা হবে।
এমন নির্দেশনা আগেও দেওয়া হয়েছিল, আবারও কেন দেওয়া হলো এবং কঠোর হওয়ার কারণ কী- প্রশ্নে তিনি বলেন, এটা হলো চাক্ষুষ বিহাভিয়ার দেখা গেছে মানুষের, বিহাভিয়ার দেখে যেহেতু অ্যাকশন হয়নি, প্রধানমন্ত্রী আপনারা জানেন যে নিয়মিত অফিস করেন, সবার আগে চলে আসেন।
এটা প্রধানমন্ত্রীর নির্দেশ না আপনাদের- এ বিষয়ে তিনি বলেন, প্রথম মন্ত্রিসভায় উনি নির্দেশ দিয়েছেন যে সবাই টাইমলি আসবেন।
সময় সচেতনতা বেড়েছে, জানতে চাইলে তিনি বলেন, আপনারা ভালো বলতে পারবেন।
প্রধানমন্ত্রী কি এখন থেকে সচিবালয়ে নিয়মিত অফিস করবেন- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ওনার অফিস এখানেও আছে। উনি ইচ্ছা করলে এখানে করতে পারেন। সাধারণত ওনারা, অন্য অফিসে করেন।
কিন্তু উনি জনদুর্ভোগের কথা বিবেচনা করে অনেকগুলো কাজই, যেমন- রাস্তায় প্রটোকল নিচ্ছেন না। উনি একটু আগে চলে আসেন যাতে বাধা সৃষ্টি না হয়, স্বাভাবিকভাবে যাতে আসতে পারেন। এর ফলাফল হয়েছে অন্যদের যে প্রেসার তৈরি হওয়া উচিত সেটা তৈরি হয়ে গেছে।
মন্ত্রিসভা বৈঠক বৃহস্পতিবার হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।