আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৩ বার
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেতা, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশকে অস্থিতিশীল করে একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। সেই আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
আমরা সবাই ওই হত্যার উপযুক্ত বিচার চাই। তাদের রক্তের বিনিময়েই ২০ বছর পর দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে।
তিনি বলেন, আর মাত্র কয়েকদিন পর কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের আগমুহূর্তে বিচারের দাবিতে যমুনা ও শাহবাগে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ফ্যাসিবাদী সুযোগ সন্ধানীরা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
সবাইকে মনে রাখতে হবে, দেশকে অস্থিতিশীল করে একটি পক্ষ নির্বাচন বানচাল করতে চায়। কোনোভাবেই যেন এই নির্বাচন সংকটে না পড়ে বা বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বনপাড়া পৌর বিএনপির সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ, জন গমেজ, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, অধ্যক্ষ আশরাফ আলী ও মহুয়া নূর কচি বাবু।
এর আগে বিকেলে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জেলা জিয়া পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
জেলা জিয়া পরিষদ সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম চঞ্চলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ।
সভায় দুলু আগামী চারদিন জিয়া পরিষদের প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে প্রতিটি পাড়া-মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানান।