স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১৪:২৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
বর্তমান বিশ্ব ক্রিকেটে বিসিসিআই-এর আধিপত্য এবং আইসিসির ওপর তাদের খবরদারি এখন ‘টক অফ দ্য টাউন’। বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের ক্রিকেট বোর্ডই ভারতের একক প্রভাবের বিরুদ্ধে ভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে। এই পরিস্থিতিকে ক্রিকেটের ভবিষ্যৎ পটপরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠি।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে বিসিসিআই তাদের বিপুল অর্থের দাপট দেখিয়ে আইসিসির বাকি বোর্ডগুলোকে অবজ্ঞা বা ‘বুলি’ করে আসছে।
তিনি বলেন, ‘বিসিসিআই-এর মনোভাবই সবচেয়ে বড় সমস্যা। প্রতিটি পদক্ষেপে তারা অন্য বোর্ডগুলোকে কোণঠাসা করেছে। আগে পাকিস্তান একা হয়ে পড়ত, সবাই ভারতের দিকে থাকত। কিন্তু এখন সময় বদলাচ্ছে।
’
পুরনো স্মৃতি হাতড়ে শেঠি বলেন, বিসিসিআই-এর চুক্তি ভঙ্গ করার ইতিহাস দীর্ঘদিনের। এন শ্রীনিবাসনের আমলের কথা উল্লেখ করে তিনি জানান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার চুক্তিতে পাকিস্তান সই করলেও শেষ মুহূর্তে ভারত পিছিয়ে যায়। শেঠি বলেন, ‘সিরিজ নিয়ে আলোচনার জন্য আমাদের মুম্বাই আমন্ত্রণ জানানো হয়েছিল। অথচ আমরা হোটেলে বসে থাকলাম, বিসিসিআই বার্তা পাঠাল তারা আমাদের সঙ্গে দেখা করতে পারবে না।
এর চেয়ে বড় অপমান আর কী হতে পারে?’
বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ও পাকিস্তানের এই প্রতিবাদী সুরকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সেঠি। তিনি মনে করেন, আইসিসি আসলে বিসিসিআই-এর একটি বর্ধিত শাখা হিসেবে কাজ করছে।
শেঠির ভাষ্যমতে, ‘বাংলাদেশকে যেভাবে অপমান করা হয়েছে, এরপর পাকিস্তান ও বাংলাদেশ এক হয়েছে। আমাদের দুই দেশে প্রায় ৪০ কোটি মানুষ। আমরা যদি রুখে দাঁড়াই, তবে আইসিসি বাধ্য হবে নিজেদের নীতি সংস্কার করতে।
এতে সাময়িক আর্থিক ক্ষতি হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে আমরা একটি বৈষম্যমুক্ত আইসিসি পাব।’