ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএনপি নেতাকর্মীদের গাড়িতে গুলিবর্ষণ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


বিএনপি নেতাকর্মীদের গাড়িতে গুলিবর্ষণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের গাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত আটটার বাঘানগর এলাকায় আড়াইহাজার-বিশনন্দী ফেরিঘাট বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় গাড়িতে থাকা নেতাকর্মীদের কেউ আহত হননি।

হামলার গাড়িতে থাকা উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আমির হোসেন জানান, নির্বাচনী প্রচারণা শেষে তিনি কালো রঙের একটি প্রাইভেটকারে করে নিজ বাড়ি শ্রীনিবাসদীর দিকে যাচ্ছিলেন।

এ সময় গাড়ির সামনের পাশের আসনে ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাদেকুর রহমান সাদেক। বাঘানগর এলাকার শফিকুল হাজীর স’মিলের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাদের গাড়ির কাছাকাছি এসে চলন্ত অবস্থায় গাড়ির ডান পাশের কাঁচ ও সামনের কাঁচ লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

 

এসময় গুলির ঘটনায় গাড়ির কাঁচ ভেঙে গেলেও আমির হোসেন ও তার সঙ্গে থাকা সাদেকুর রহমান অক্ষত রয়েছেন। ঘটনার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।

আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে গুলিবর্ষণ করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

 

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি।

ঘটনার সাথে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

 


   আরও সংবাদ