স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬ ১৬:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
বয়স মাত্র ১৫ বছর ২৩২ দিন। এই বয়সেই পুরুষদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী।
শনিবার নিজ রাজ্য বিহারের অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে এই কীর্তি গড়েন তিনি।
এর আগে রেকর্ডটি ছিল জ্যাক ভুকুসিচের দখলে।
১৭ বছর ৩১১ দিন বয়সে ক্রোয়েশিয়ার অধিনায়কত্ব করেছিলেন তিনি। এবার তাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন সূর্যবংশী।
তবে অধিনায়ক হিসেবে অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারেননি এই কিশোর। ভারতের ঘরোয়া রাজ্যভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে সৌরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হেরেছে বিহার।
ম্যাচে ১২ বলে ১৮ রান করেন সূর্যবংশী।
এটাই অবশ্য তার ক্যারিয়ারের প্রথম রেকর্ড নয়। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের মধ্য দিয়ে ভারতের হয়ে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েন তিনি।
২০২৫ সালে মাত্র ১৪ বছর বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে অভিষেক হয় সূর্যবংশীর। তাতে টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েন তিনি। একই আসরে গুজরাট টাইটান্সের বিপক্ষে সেঞ্চুরি করে পুরুষদের টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ানও হন। চলতি বছর আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন এই তরুণ ব্যাটার।
চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতে খেলেছেন সূর্যবংশী। ওয়েলিংটনে তৃতীয় ম্যাচে তার সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৫ রান।
এবার দোহার মাটিতে অনুষ্ঠেয় রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারতের হয়ে খেলার কথা রয়েছে তার। চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতাটি উন্নয়নমূলক ৫০ ওভারের টুর্নামেন্ট।