ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার
পুরান ঢাকার নিমতলী ও চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগের অংশ হিসেবে মুন্সিগঞ্জের সিরাজদিখানে গড়ে তোলা হচ্ছে আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ইছামতী নদীর তীরে ৩০৮ দশমিক ৩৩ একর জমিতে ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ শিল্প পার্কে মোট ১ হাজার ৫৩১টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হবে।
প্রকল্পটির ৮৩ শতাংশ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে পুরো কাজ শেষ করার আশা করা হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো স্থানান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন শিল্পমন্ত্রী।
তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার এমনভাবে স্থানান্তর কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে সাভারের চামড়া শিল্পনগরীর মতো কোনো জটিলতা সৃষ্টি না হয়।
মন্ত্রী আরও বলেন, এই উদ্যোগের সফল বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগটির ওপর মালিকানা প্রতিষ্ঠা করাই এই অংশগ্রহণের মূল উদ্দেশ্য।
ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ইটিপি-সংক্রান্ত সমস্যার সমাধান না করে প্রকল্পের কার্যক্রম শুরু করা যাবে না। কারখানা চালুর প্রথম দিন থেকেই যাতে বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত থাকে, সে বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর সমাধান নির্ধারণের নির্দেশ দেন তিনি।
শিল্পমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, সাভারের পূর্ববর্তী তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়। সবার সহযোগিতায় এবারের স্থানান্তর প্রক্রিয়া হবে নির্বিঘ্ন, ধারাবাহিক ও সফল। এর মাধ্যমে নতুন স্থানে কেমিক্যাল শিল্পের অগ্রযাত্রা আরও গতিশীল হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, হামিদুর রহমান ও মো. আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ।
এ ছাড়া বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারী মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পেইন্টস, ডাইজ অ্যান্ড কেমিক্যালস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নেতারাসহ সংশ্লিষ্ট অংশীজনরা সভায় উপস্থিত ছিলেন।