আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
মিয়ানমার সীমান্তে টহল দেওয়ার সময় বিদ্রোহীদের অতর্কিত হামলার শিকার হয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। অরুণাচল প্রদেশের ছাংলং জেলার সীমান্তবর্তী এলাকায় হামলায় আসাম রাইফলসের এক জওয়ান নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
ওই সময় ২১ আসাম রাইফলসের জওয়ানরা সীমান্ত বেড়া নির্মাণের কাজ চলা একটি এলাকায় টহল দিচ্ছিলেন। হঠাৎ তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।
নিহত জওয়ানের নাম হাবিলদার জাংখোকাই কুকি। তার বয়স ৪২ বছর।
হামলায় আহত চার জওয়ানকে বর্তমানে একটি সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন-কে-ওয়াইএ) অথবা এর সমগোত্রীয় কোনো বিদ্রোহী গোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে।
হামলার পর বিদ্রোহীদের দমনে ওই এলাকায় বড় ধরনের অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের শনাক্ত ও ধরতে তল্লাশি চালানো হচ্ছে।
ছাংলং জেলার ভারত-মিয়ানমার সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। এ অঞ্চলে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর নিয়মিত আনাগোনা রয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি