আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭ বার
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় ১০০ বছর বয়সে তার মৃত্যু হয়।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, সিতি হাসমাহর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে তান শ্রী মোখজানি মাহাথির।
সংসদে একটি টাউনহল অধিবেশন চলাকালে তার মৃত্যুর খবর ঘোষণা করা হলে উপস্থিতদের মধ্যে বিস্ময় দেখা দেয়।
পরে তার সম্মানে সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়।
সিতি হাসমাহ শুধু মাহাথিরের স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন না, চিকিৎসক হিসেবেও মালয়েশিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
দেশটির প্রথম দিকের মালয় নারী চিকিৎসকদের একজন ছিলেন তিনি। চিকিৎসাসেবা ও জনস্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন।
১৯২৬ সালের ১২ জুলাই জন্মগ্রহণ করেন সিতি হাসমাহ। সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম মেডিকেল কলেজে চিকিৎসাবিদ্যা পড়াশোনা করেন তিনি। পরে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন।
১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের সাত সন্তান রয়েছে। মাহাথিরের দীর্ঘ রাজনৈতিক জীবনে তার পাশে থাকা সিতি হাসমাহ মালয়েশিয়ার জনজীবনেও পরিচিত মুখ হয়ে ওঠেন।
চলতি বছরের জুলাইয়ে ১০০ বছর পূর্ণ করেন সিতি হাসমাহ। শতবর্ষে পা রাখার মাত্র দুই মাসের মাথায় মারা গেলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর এই দীর্ঘদিনের জীবনসঙ্গী।
তথ্যসূত্র: নিউ স্ট্রেইটস টাইমস