ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাতে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, সার, জলবায়ু পরিবর্তন, খেলাধুলা, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় সার খাতে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন শামা ওবায়েদ।
পাশাপাশি আলজেরিয়ায় পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর আহ্বান জানান তিনি।
রাষ্ট্রদূত জ্বালানি, ওষুধ, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
দুই দেশের সম্পর্ক গভীর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেন তিনি।