ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাভারে আগুনে নিহত ৭

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


সাভারে আগুনে নিহত  ৭

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানা চত্বরে কাভার্ড ভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

 

 

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড ঘটে।

রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি নজরুল নামে আরও একজন মারা গেছেন।

এ ছাড়া ঘটনার পরপরই জয়নব বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়।

 

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, বিস্ফোরণে আহত ২৫ জনকে ইতোমধ্যে হাসপাতালে আনা হয়েছে।

এদের মধ্যে অধিকাংশ কারখানার আশপাশের সবজি বিক্রেতা, পথচারী বলে শুনেছি। কারখানার কেউ আছেন কিনা সেটি এখনো জানা সম্ভব হয়নি। ৫-৬ জনকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়েছে। তাদের শরীর অনেক বেশি দগ্ধ হয়েছে। 

 

শিল্প পুলিশ -১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, কারখানার গেটের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের কোম্পানির পরিত্যক্ত একটি জায়গায়। বর্তমানে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার শাহজাহান মিয়া বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকার একটি পোশাক কারখানায় চত্বরে আগুন লাগে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে স্থানীয় জনগণ আরও একজনের মরদেহ উদ্ধার করেন।

শাহজাহান মিয়া আরও জানান, জিরাবো ফায়ার স্টেশনের দুটি ও ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম রাত ১১টা ৪২ মিনিটে শেষ হয়।

fire

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কাভার্ড ভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। পরে সেখান থেকে আগুন আশপাশে থাকা আরও ৬-৭টি গাড়িতে ছড়িয়ে পড়ে।


   আরও সংবাদ