ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার


জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলটির প্রার্থী হয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমকে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে যোগ দিয়ে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনের জন্য দল সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে।

ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করার পর্যায়ে রয়েছে।

 

তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেও জামায়াত অংশ নেবে।

সাংগঠনিকভাবে এখানেও প্রার্থী মনোনীত করা হয়েছে। জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও স্থানীয় নির্বাচনে দলগুলো আলাদাভাবে নির্বাচন করবে। তাই ঢাকার দুই সিটি নির্বাচনকে সামনে রেখে জামায়াতের দুই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

দুই সিটিতে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ দুই সিটি করপোরেশনেও নিজেদের অবস্থান জানান দিল জামায়াতে ইসলামী।

ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে কনফারেন্সে আরও বক্তব্য দেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন, মতিঝিল মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ড. মাহমুদুল হাসান প্রমুখ।


   আরও সংবাদ