ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টেকসই কাঠামোয় বিপিএল চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৬ অগাস্ট, ২০২৬ ১৫:২৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৪ বার


টেকসই কাঠামোয় বিপিএল চায় বিসিবি

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তাড়াহুড়ো করে কিংবা জোড়াতালি দিয়ে টুর্নামেন্ট আয়োজনের চেয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনার মাধ্যমে বিপিএলকে নতুন করে সাজানোর পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

 

অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টকে আজ সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘হাজারো সমস্যা, আর্থিক লোকসান এবং নানাবিধ বিতর্ক জড়িয়ে থাকার পরও কি আগের ফরম্যাটেই বিপিএল আয়োজনের পক্ষ সমর্থন করা উচিত? গত কয়েক বছরে বিপিএল আসলে বাংলাদেশ ক্রিকেটকে কী দিয়েছে?’

 

তিনি আরও বলেন, ‘এমন এক সময়ে যখন ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ বাড়াতে এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবি ইতোমধ্যে বেশ কয়েকটি নতুন টুর্নামেন্ট চালু করেছে, তখন বিদ্যমান ফরম্যাটেই বিপিএল আয়োজন নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার কতটা যৌক্তিকতা রয়েছে?’

 

বিপিএল আয়োজন একেবারে বন্ধ করে দেওয়ার পক্ষে নন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। বরং সময় নিয়ে টুর্নামেন্টটির কাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

 

 

তিনি বলেন, ‘কোনো রকমে কেবল একটি বছরের জন্য বিপিএল আয়োজন করার চেয়ে সেই সময়টুকু কাজে লাগিয়ে এটিকে একটি সঠিক ও টেকসই কাঠামোর ওপর দাঁড় করানোই হবে অনেক বেশি যুক্তিযুক্ত।’

 

তিনি আরও বলেন, ‘এরপর আগামী বছরগুলোতে বিপিএলকে একটি সুগঠিত এবং যথাসম্ভব ত্রুটিমুক্ত টুর্নামেন্ট হিসেবে আয়োজন করা হলে তা নিঃসন্দেহে জোরালো সমর্থন পাওয়ার যোগ্য হবে।

 

 

তবে বিপিএল না হলে এর সরাসরি প্রভাব পড়তে পারে দেশের ক্রিকেটারদের ওপর। জাতীয় দলের ২০ থেকে ২৫ জন ক্রিকেটারের বাইরে বেশিরভাগ খেলোয়াড়ই বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগের মতো ঘরোয়া প্রতিযোগিতার ওপর আর্থিকভাবে নির্ভরশীল।

 

 

এর মধ্যে চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগেও পারিশ্রমিক কমেছে।

এদিকে বিপিএল না হলেও ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কমাতে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘বিপিএল না হয়েও যদি অন্য কিছু একটা করে কিছু করা যায়, হয়তোবা ১০০ শতাংশ বিপিএলের মতো হবে না। আমরা খেলতে চাই। খেলার মাধ্যমেই আমরা আমাদের প্রাপ্য পারিশ্রমিক চাই।’

 

বিপিএলের ভবিষ্যৎ কাঠামো নিয়েও একই ধরনের মত দিয়েছেন কোয়াব সভাপতি।

 

তিনি বলেন, ‘আমরা ডেফিনেটলি একটা উইন-উইন সিচুয়েশনে যেতে চাই। বিপিএল যেভাবে হচ্ছে সেভাবে হওয়া ঠিক না, কারণ প্রপারভাবে একটা বিপিএল আয়োজন করা খুবই জরুরি।’

 

তিনি আরও বলেন, ‘এভাবে ভঙ্গুরভাবে প্রতিবছর বিতর্ক নিয়ে টুর্নামেন্ট করা হোক এটাও আমরা চাই না। আর্থিক নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ।’


   আরও সংবাদ