স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ অগাস্ট, ২০২৬ ০৯:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
মহাদেশীয় ক্লাব ফুটবলের মঞ্চে নিজেদের অভিষেক অভিযান জয় দিয়ে শেষ করল বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসি। এএফসি নারী চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে গুয়ামের রোভার্স এফসিকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
রোববার মালয়েশিয়ার কোটা কিনাবালুতে প্রতিপক্ষকে পুরো ম্যাচজুড়ে চেপে ধরে বাংলাদেশের মেয়েদের আক্রমণাত্মক ফুটবল। কোচ গোলাম রব্বানির প্রেরণা ও নির্দেশনায় আগের ম্যাচগুলোর হারের হতাশা ভুলে শেষ ম্যাচে দারুণভাবে জ্বলে ওঠে দলটি।
ম্যাচের শুরু থেকেই মাঠে একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে রাজশাহী। মাত্র ৩ মিনিটের মাথায় প্রায় ৩০ গজ দূর থেকে শামসুন্নাহারের নেওয়া শট রোভার্স গোলরক্ষক জে আলমন্টের হাত ফসকে জালে জড়ালে প্রথম এগিয়ে যায় দলটি।
১৭ মিনিটে সুলতানার বাঁ দিকের ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। ২৫ মিনিটে শামসুন্নাহারের নিচু ক্রসে বক্সের ভেতর থেকে তহুরা নিজের দ্বিতীয় গোলটি করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল।
বিরতির পরও রাজশাহীর আক্রমণের ধার কমেনি। ৫৩ মিনিটে রোভার্স ডিফেন্সের ভুলে একটি আত্মঘাতী গোল হলে ব্যবধান দাঁড়ায় ৪-০। এর কয়েক সেকেন্ড পরই মনিকা চাকমা দলের পঞ্চম গোলটি করেন। ৬০ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ফরোয়ার্ড তহুরা খাতুন। ম্যাচের ৭১ মিনিটে শামসুন্নাহার এবং যোগ করা সময়ের পঞ্চম মিনিটে শামস আরও দুটি গোল করলে ৮-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়। তবে শেষ ম্যাচে এমন দাপুটে পারফরম্যান্স দেখালেও, আগের ম্যাচগুলোতে পয়েন্ট হারানোর ফলে টুর্নামেন্টের পরের পর্বে যাওয়ার সুযোগ পায়নি রাজশাহী স্টার্স।