স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৫ অগাস্ট, ২০২৬ ১৩:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
২০২৬-২৭ মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগকে (বিএফএল) সামনে রেখে নিজেদের স্কোয়াড ভারী করতে তুমুল ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। শেষ মুহূর্তের দলবদলে মানসম্মত বিদেশি রিক্রুটের এই রেষারেষিতে এবার সবচেয়ে বড় ধামাকা নিয়ে হাজির হলো বাংলাদেশ পুলিশ এফসি।
আফ্রিকান পরাশক্তি সেনেগালের জাতীয় দলের হয়ে খেলা সেন্টার ফরোয়ার্ড মোহাম্মদ রাসুল বা-কে নিজেদের ডেরায় ভিড়িয়েছে তারা।
২৫ বছর বয়সী এই তরুণ স্ট্রাইকারের সিভি বেশ সমৃদ্ধ।
সেনেগালের জাতীয় দলের জার্সি গায়ে এরই মধ্যে ৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার, নামের পাশে রয়েছে একটি আন্তর্জাতিক গোলও। এমন হাই-প্রোফাইল একজন ফুটবলারকে এনে নিজেদের আক্রমণভাগকে রীতিমতো অপ্রতিরোধ্য করতে চাইছে পুলিশ এফসি।
রাসুলের প্রতি বাংলাদেশের এই ক্লাবটির আগ্রহ অবশ্য নতুন নয়। গত মৌসুমের মধ্যবর্তী ট্রান্সফার উইন্ডোতেও তাকে দলে টানার জোর চেষ্টা চালিয়েছিল পুলিশ ম্যানেজমেন্ট।
কিন্তু সেবার কিছু জটিলতায় চুক্তিটি আর আলোর মুখ দেখেনি।
সেসময় ভুটানের ক্লাব পারো এফসি ছেড়ে এই ফরোয়ার্ড পাড়ি জমিয়েছিলেন আল রাওদাহ এফসিতে। আল রাওদাহর সঙ্গে চুক্তি শেষে বর্তমানে ফ্রি-এজেন্ট হিসেবে ছিলেন তিনি। আর এই সুযোগটি কাজে লাগিয়েই এবার আফ্রিকান তারকাকে আর হাতছাড়া করেনি পুলিশ।
গোলমুখে রাসুল কতটা ভয়ংকর হতে পারেন, তার প্রমাণ মিলেছিল ভুটান প্রিমিয়ার লিগেই। পারো এফসির হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছিলেন তিনি। দলটির লিগ শিরোপা জয়ের পেছনে বড় অবদান রাখার পাশাপাশি সেবার প্রতিপক্ষের জালে একাই ১৪ বার বল জড়িয়েছিলেন এই সেনেগালিজ গোলমেশিন। এবার বিএফএল মাতাতে প্রস্তুত তিনি।