ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

১২ সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়েছে। ১৭ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও বিরোধী দল নাম না দেওয়ায় ১২ সদস্যের কমিটি গঠন করা হয়।

 

সোমবার (১৩ জুলাই) সংসদ অধিবেশনে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম সংবিধান সংশোধন বিশেষ কমিটির নাম সংসদে উপস্থাপন করেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়।

 

কমিটির নাম প্রস্তাবের আগে চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম বলেন, বর্তমান সংসদের প্রথম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি মোতাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে এই সংসদের প্রতিনিধিত্বকারী প্রতিটি রাজনৈতিক দল এবং জোটের সদস্যদের সমন্বয়ে, এমনকি স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত একটি কমিটি গঠনে উদ্যোগ নিই।

 

 

সেই লক্ষ্যে বিরোধীদলীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করলে তাদের কাছ থেকে এই অধিবেশনে নাম পাওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কমিটি গঠন প্রক্রিয়া বিলম্বিত করি।

ইতোমধ্যে কয়েক দফা এ বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু তারা এখনো কোনো নাম আমার কাছে দেননি। এমন অবস্থায় আমরা যে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি, তার প্রস্তাবিত কাঠামো নিম্নরূপ–

 

বিএনপি থেকে ৭ জন, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে ১ জন, গণসংহতি আন্দোলন থেকে ১ জন, গণঅধিকার পরিষদ থেকে ১ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ১ জন, স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে ১ জন, বিরোধী দল থেকে ৫ জন।

এই নিয়ে ছিল মোট ১৭ জন।

 

এই ১৭ জনের মধ্যে বিরোধী দলের জন্য ৫টি পদ শূন্য রেখে আজ ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করছি। বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে তাদের ৫ জনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। এর পরিপ্রেক্ষিতে সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের নিমিত্তে সুপারিশ প্রণয়নপূর্বক সংসদে রিপোর্ট পেশ করার জন্য নিম্নলিখিত সংসদ সদস্যগণের সমন্বয়ে ১২ সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হোক।

সালাহউদ্দিন আহমেদ, ২৯৪ কক্সবাজার-১ — সভাপতি
মোহাম্মদ নূরুল ইসলাম, ১১০ বরগুনা-২ — সদস্য
মোহাম্মদ আসাদুজ্জামান, ৮১ ঝিনাইদহ-১ — সদস্য
জয়নুল আবেদীন, ১২১ বরিশাল-৩ — সদস্য
মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, ২৪৮ ব্রাহ্মণবাড়িয়া-৬ — সদস্য
আন্দালিব রহমান, ১১৫ ভোলা-১ — সদস্য
মোহাম্মদ নুরুল হক, ১১৩ পটুয়াখালী-৩ — সদস্য
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ২৮২ চট্টগ্রাম-৫ — সদস্য
ফারজানা শারমিন, ৫৮ নাটোর-১ — সদস্য
শাকিলা ফারজানা, ৩০৮ মহিলা আসন-১ — সদস্য
মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, ১৪৫ শেরপুর-৩ — সদস্য
মোহাম্মদ অলিউল্লাহ, ১০৯ বরগুনা-১ — সদস্য


   আরও সংবাদ