ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ জুলাই, ২০২৬ ১৩:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেল ও স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা দেখা দিয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে এবং এর ফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরও দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে-এমন প্রত্যাশায় স্বর্ণের দাম কমেছে।
সোমবার সকালে স্পট স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৯ দশমিক ১১ ডলারে নেমে আসে।
একই সময়ে আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণের অগ্রিম চুক্তির দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৭ দশমিক ১০ ডলারে দাঁড়ায়।
রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আরও তীব্র হয়।
তেহরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার কথাও জানিয়েছে। এর প্রভাব সরাসরি আন্তর্জাতিক পণ্যের বাজারে পড়েছে।
এবিসি রিফাইনারির বৈশ্বিক প্রাতিষ্ঠানিক বাজার বিভাগের প্রধান নিকোলাস ফ্র্যাপেল বলেন, উপসাগরীয় অঞ্চলে সহিংসতা বাড়লেই সাধারণত স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি হয়। তাঁর মতে, হরমুজ প্রণালী পুরোপুরি বা আংশিকভাবে দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি দেখা দিতে পারে। সে ক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেলে দীর্ঘমেয়াদে আবারও স্বর্ণের চাহিদা বাড়তে পারে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। স্পট রুপার দাম ২ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ১৪ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫৯৮ দশমিক ৪৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২৪৭ দশমিক ২৭ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স