ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৯ জুলাই, ২০২৬ ১৩:৫৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) লাইভেবিলিটি ইনডেক্স বা বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার তলানিতে থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, বিষয়টিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।
এ নিয়ে আমাদের অবশ্যই সিরিয়াস হয়ে চিন্তা করা জরুরি।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশকে দূষণমুক্ত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
কারণ আমাদের সমাজের বেশিরভাগ মানুষ এ বিষয়ে একেবারেই অজ্ঞ। আজ যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সচেতনতা বৃদ্ধিতে কাজ করাকে তাঁদেরও পবিত্র দায়িত্ব মনে করতে হবে।
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় সামর্থ্য অনুযায়ী সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান সরকারপ্রধান।
উল্লেখ্য, গত ৮ জুলাই বিশ্বের ১৭৩টি শহরের বাসযোগ্যতার তালিকা প্রকাশ করে প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। তালিকা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বসবাস-অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এর আগে ২০২৫ সালেও সূচকে ঢাকার অবস্থান একই ছিল।