ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই, ২০২৬ ১৬:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
খাগড়াছড়িতে টানা তিন দিন ধরে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে থেমে থেমে হালকা গুঁড়ি গুঁড়ি ও ভারী বৃষ্টিতে জেলার নদী, ছড়া ও খালের পানি বাড়ছে।
এতে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের বাসিন্দারা।
জেলা সদরের মুসলিমপাড়ার নিচু এলাকা, উত্তর গঞ্জপাড়া, মেহেদীবাগের একাংশ, মহালছড়ি উপজেলার মাইসছড়ি বাজার এবং দীঘিনালা-লংগদু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড়ধসের আশঙ্কাও বেড়েছে।
ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।
বিরূপ আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে পানিবন্দি ও জলাবদ্ধতায় থাকা পরিবারের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোর তালিকা করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, আপাতত সব ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকের আবহাওয়ার পূর্বাভাসের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।