ঢাকা, শনিবার, ০৪ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৪ জুলাই, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৫ বার


ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫

উত্তর ভেনেজুয়ায় সম্প্রতি আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ জনে পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১২ হাজার ৬৬৬ জন।

দেশটির সরকার জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে।

 

শুক্রবার (৩ জুলাই) ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্যে বলা হয়, দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৮৬ হাজারের বেশি পরিবারকে জরুরি ত্রাণ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হয়েছে। খবর আনাদলু এজেন্সির।

 

সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ৮৮৫টি ভবন বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৮৯টি স্থাপনা সম্পূর্ণভাবে ধসে পড়েছে, যা ক্ষয়ক্ষতির মাত্রাকে আরও গুরুতর করে তুলেছে।

 

উদ্ধার অভিযানে আন্তর্জাতিক সহযোগিতাও অব্যাহত রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৩ হাজার ৩০০-এর বেশি উদ্ধারকর্মী বর্তমানে কাজ করছেন। পাশাপাশি ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা জোরদারে প্রায় ৩০ হাজার কর্মী মোতায়েন করেছে কারাকাস প্রশাসন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, গত ২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। এর মধ্যে ৭.৫ মাত্রার কম্পনের কেন্দ্র ছিল ইয়ারাকুই রাজ্যের ইয়ুমারে এলাকার দক্ষিণ-পূর্বে, আর ৭.২ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল সান ফিলিপ শহরের উত্তর-পূর্বাঞ্চলে।

এদিকে মূল ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৮৯০টি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে এবং উদ্ধারকর্মীরা সতর্কতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।


   আরও সংবাদ