ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে তারেক রহমান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ জুন, ২০২৬ ১৩:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে তারেক রহমান

চীনের ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলন শেষে হাই-স্পিড বা বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে যাত্রা শুরু করেন তিনি।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

 

এর আগে একই দিন সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডব্লিউইএফ আয়োজিত ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ বা গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে অংশ নেন তিনি।

 

জানা যায়, এবারের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।

এবারের সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

 

বিশ্লেষকদের মতে, বিশ্ব অর্থনীতির গুরুত্বপূর্ণ এই মঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বাড়াতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বিভিন্ন দেশের নীতিগত অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

ডব্লিউইএফ-এর এই সম্মেলনে অংশ নিতে গত সোমবার(২২ জুন)চীনের ডালিয়ানে পৌঁছান তিনি। সম্মেলনের কর্মসূচি শেষে এবার তিনি বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন।


   আরও সংবাদ