স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ জুন, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬১ বার
বিশ্বকাপে এক নজিরবিহীন ও ঐতিহাসিক ঘটনা ঘটল। ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে ফ্রান্স ও ইরাকের মধ্যকার গ্রুপ 'আই'-এর ম্যাচটি বজ্রপাতের কারণে স্থগিত করতে বাধ্য হন ম্যাচ অফিশিয়ালরা।
বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম ম্যাচ যা বজ্রপাতের কারণে মাঝপথে থেমে গেল। প্রবল বজ্রঝড় এবং ঘন ঘন বজ্রপাতের কারণে কঠোর নিরাপত্তা বিধি মেনে খেলোয়াড়, কোচ ও অফিশিয়ালসহ গ্যালারিতে থাকা ৬০ হাজারেরও বেশি দর্শককে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
ফিফার আবহাওয়া সংক্রান্ত নিরাপত্তা বিধি মেনেই টুর্নামেন্ট কর্তৃপক্ষ খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। ওই অঞ্চলের ওপর দিয়ে শক্তিশালী বজ্রঝড় বয়ে যাওয়ার সময় খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল এবং দর্শক গ্যালারির অভ্যন্তরে নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়ম অনুযায়ী, সর্বশেষ বজ্রপাত হওয়ার পর থেকে অন্তত ৩০ মিনিট সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত খেলা শুরু করা যাবে না। খেলা পুনরায় শুরু করার সবুজ সংকেত দেওয়ার আগে অফিশিয়ালরা সার্বক্ষণিকভাবে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
অন্যান্য অনেক ক্রীড়া ইভেন্টের মতো ফিফা আবহাওয়াজনিত বিলম্বের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সর্বোচ্চ সময়সীমা বেঁধে দেয়নি। অর্থাৎ, পরিস্থিতি পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য খেলা স্থগিত রাখা যেতে পারে।
গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য কোনো সংরক্ষিত দিন (রিজার্ভ ডে) নেই। যদি চরম আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে ম্যাচটি শেষ করা না যায়, তবে ফিফা সিদ্ধান্ত নেবে খেলা কখন এবং কীভাবে পুনরায় শুরু হবে। সেক্ষেত্রে ম্যাচটি ঠিক যেখান থেকে থেমেছিল, সেখান থেকেই শুরু হবে। অর্থাৎ সেই মুহূর্ত পর্যন্ত হওয়া গোলসংখ্যা, বাকি থাকা সময় এবং খেলোয়াড়দের কার্ডের সব রেকর্ড অপরিবর্তিত থাকবে।