ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘আমি ২ বিশ্বকাপে শূন্য, আর মেসি ২ ম্যাচেই ৫!’

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৩ জুন, ২০২৬ ১৪:৩৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১১ বার


‘আমি ২ বিশ্বকাপে শূন্য, আর মেসি ২ ম্যাচেই ৫!’

অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে বিশ্বকাপে নিজের রেকর্ড আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেছেন লিওনেল মেসি। ডালাসের কাউবয়েজ স্টেডিয়ামে ৭০ হাজার ৬৪৯ জন দর্শকের সামনে জোড়া গোল করে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ (১৮টি) গোলদাতা এখন তিনি।

 

 

৩৯ ছুঁইছুঁই মেসির এমন অতিমানবীয় পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তার বার্সেলোনার সাবেক সতীর্থ ও সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির ভূয়সী প্রশংসা করেছেন।

নিজের চেনা রসাত্মক ও স্পষ্টবাদী ভঙ্গিতে ইব্রাহিমোভিচ বলেন, ‘মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন পেনাল্টি মিস করার পর ওকে সাধারণ মানুষ মনে হয়।

আবার এমন কিছু মুহূর্ত আসে যখন ওকে আর মানুষ বলে মনে হয় না। এটাই মেসি।

 

চলতি ২০২৬ বিশ্বকাপে মেসির আগুনে ফর্ম নিয়ে জ্লাতান আরও যোগ করেন, ‘এখন পর্যন্ত এটা পুরোপুরি ওর বিশ্বকাপ। অথচ এখনও জর্ডানের বিপক্ষে ম্যাচটি খেলাই বাকি! তাই এই ফর্ম কোথায় গিয়ে থামবে, আমি জানি না।

দুই ম্যাচে ও ৫টি গোল করে ফেলেছে, আর আমি দুটি বিশ্বকাপ মিলেও কোনো গোল করতে পারিনি। তাই আমি ওর জন্য ভীষণ খুশি এবং আশা করি ও এভাবেই খেলে যাবে।’
পারিবারিক টানাপোড়েন ও মানসিক চাপের মধ্যেও মেসির এই পারফরম্যান্স ফুটবল বিশ্বকে স্তব্ধ করেছে। দেশে নিজের বাবার অসুস্থতার খবর ও দুশ্চিন্তা মাথায় নিয়েই এই টুর্নামেন্টে খেলছেন তিনি। অথচ মাঠের খেলায় তার কোনো প্রভাব পড়তে দেননি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র দুই দিন পরেই ছিল মেসির ৩৯তম জন্মদিন।

 

ম্যাচের শুরুটা অবশ্য মেসির জন্য সুখকর ছিল না। ৯ম মিনিটে পেনাল্টি মিস করে মিরোস্লাভ ক্লোসাকে টপকে যাওয়ার প্রথম সুযোগটি হাতছাড়া করেন তিনি। তবে ৩৮ মিনিটে সেই ভুল ঘুচিয়ে ইতিহাস গড়েন। ফাকুন্দো মেদিনার পাস থেকে থিয়াগো আলমাদার বুদ্ধিমত্তায় বল পান মেসি। প্রায় ২০ গজ দূর থেকে বাঁ পায়ের নিখুঁত শটে অস্ট্রিয়ান গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারকে পরাস্ত করে বিশ্বকাপে নিজের ১৭তম গোলটি করেন তিনি। 

গোলটি করার পর কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে ডান হাত উঁচিয়ে চিরচেনা ভঙ্গিতে উদযাপন করেন এই মহাতারকা। এরপর ম্যাচের ইনজুরি সময়ে গোলরক্ষকের হাতে লেগে ফিরে আসা ফিরতি বল থেকে জটলার মধ্য দিয়ে নিজের ১৮তম গোলটি পান বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক।

এই জোড়া গোলের মাধ্যমে আরেকটি অনন্য রেকর্ড গড়েছেন মেসি। বিশ্বকাপে টানা ৬টি ম্যাচে গোল করার কীর্তি গড়লেন তিনি। এর আগে কেবল ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জর্জিনিয়ো এই মাইলফলক ছুঁতে পেরেছিলেন। এছাড়া আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল মিলিয়ে চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার করা ৫টি গোলের সবকটিই এসেছে এই ১০ নম্বরের পা থেকে। একই সঙ্গে বিশ্বকাপে নিজের রেকর্ডধর্মী ২৮তম ম্যাচ খেলার মাইলফলকও স্পর্শ করলেন মেসি।

টানা দুই জয়ে ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী শনিবারে জর্ডানের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।


   আরও সংবাদ