ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির বিশেষ অভিযান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ জুন, ২০২৬ ০৯:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার


অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে  বিজিবির বিশেষ অভিযান

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে বিজিবির নীলফামারী-৫৬ ব্যাটালিয়নের সদস্যরা। একইসঙ্গে সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করা হচ্ছে।

কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবি ক্যাম্প বা বিওপিকে অবহিত করার আহ্বান জানানো হচ্ছে।

 

বুধবার (৩ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

 

জানানো হয়, বুধবার রাত থেকে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সব কোম্পানি ও বিওপি এলাকায় পুশ-ইন এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নেতৃত্বে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিরা ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল পরিচালনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ টহলও পরিচালিত হচ্ছে। বিশেষ করে রাতে সীমান্ত এলাকায় নিবিড় নজরদারি নিশ্চিত করতে হ্যান্ডমাইক, বাঁশি, টর্চলাইট, সার্চলাইট এবং নাইট ভিশন গগলসসহ বিভিন্ন আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

সন্দেহভাজন ব্যক্তি ও অবৈধ অনুপ্রবেশকারীদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

 

এ বিষয়ে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম জানান, এসব কর্মসূচিতে পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি এবং প্রতিরোধে জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। একইসঙ্গে সীমান্ত অপরাধ বন্ধে বিশেষভাবে কাজ শুরু করা হয়েছে।

দেশের সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ সব অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


   আরও সংবাদ