ঢাকা, রবিবার, ২৪ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মচারী বরখাস্ত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ মে, ২০২৬ ২০:০৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১১ বার


ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মচারী বরখাস্ত

ঢাকা: মৃত প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারী এবং ঋণ দেওয়ার কথা বলে অর্থ নেওয়ার অভিযোগে প্রবাসী কল্যাণ ব্যাংকের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৩ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হকের নির্দেশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পৃথক অফিস আদেশের মাধ্যমে এ ব্যবস্থা নেয়।

সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মো. শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম।

 

মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী কর্মী মো. কাইয়ুমের পরিবারের জন্য আর্থিক অনুদান অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে শফি উদ্দিন ও পলাশ চন্দ্র রায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে নগদ অর্থ নেন। অন্যদিকে প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মচারী শামিম ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ গ্রহণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক সাজ্জাদ হোসাইন এবং ভুক্তভোগী পরিবার ভিডিওসহ সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ দেন। পরে প্রতিমন্ত্রী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের নিয়ে অভিযুক্তদের দপ্তরে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত কর্মচারীদের আচরণ প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং তা শৃঙ্খলাভঙ্গের শামিল। তাই সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা প্রচলিত নিয়ম অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের সেবায় কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। তিনি বলেন, দেশে ও বিদেশে দূতাবাস পর্যায়েও প্রবাসীদের সেবায় গাফিলতি বা অনিয়ম সহ্য করা হবে না।


   আরও সংবাদ