ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ মে, ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০ বার
ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির দাবি, বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে বারবার এমন হত্যাকাণ্ড ঘটাচ্ছে ভারত।
শনিবার (৯ মে) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ কথা জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, শুক্রবার (৮ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেনকে ভারতীয় রক্ষীবাহিনী গুলি করে হত্যা করেছে।
বিএসএফ কর্তৃক এ হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ধৈর্যধারণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও তা ক্রমাগতভাবেই বাড়ছে।
বাংলাদেশিদের এসব অন্যায় হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত বারবার বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ডে ঘটাচ্ছে।
বাংলাদেশের জনগণ সব সময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা প্রকাশ করছি, ভারত সরকার সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করবে এবং মো. মুরসালিন ও নবী হোসেনসহ অদ্যাবধি সংঘটিত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
একইসঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাংলাদেশ সরকারের প্রতিও উদাত্ত আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।