ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ মে, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোটে শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, আমরা বলেছি যে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। যেই স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষের জীবন গিয়েছে, যেই স্বাধীনতার জন্য ২ লক্ষ মা-বোনের ইজ্জত গিয়েছে। যেই স্বাধীনতা সংগ্রামে এদেশের আপামর জনসাধারণ ঐক্যবদ্ধভাবে জীবন বাজি রেখে স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। শুধুমাত্র একটি শক্তি, সেই বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। সেই ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এই বাংলাদেশ- বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে। সংবিধান দেশের জন্য। সংবিধান এদেশের মানুষের কল্যাণের জন্য। কাজেই এই সংবিধান যদি কখনো জনকল্যাণের সাথে অসংগতিপূর্ণ মনে হয়। এই সংবিধান যদি কখনো জনস্বার্থের পরিপন্থী হয়। দেশের স্বার্থের পরিপন্থী হয়, সংবিধানের সেই অংশটি সংশোধন করে জনকল্যাণের পক্ষে সংবিধানকে পরিচালিত করতে হবে। তবে একটি স্বাধীন দেশের সংবিধানকে ফেলে দিয়ে জুলাই বিপ্লবের সেই ‘জুলাই সনদ’ দিয়ে রাষ্ট্র পরিচালনা কখনোই হতে পারে না।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত জামালপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা আমাদের অবস্থান, আমাদের নেতা তারেক রহমান এবং বিএনপির পক্ষে বারবার এটি পরিষ্কার করা হয়েছে যে- চব্বিশের বিপ্লবে আমরা যারা ঐক্যবদ্ধভাবে পথ চলেছি, তারা ‘জুলাই সনদে’ স্বাক্ষর করার পূর্বে যে জায়গাগুলোতে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছি, সেগুলোতে আমরা একমত। কিছু কিছু জায়গায় আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। একেক রাজনৈতিক সংগঠনের একেক রকমের অবস্থান ছিল। সেই জায়গাগুলোতে আপত্তি দেওয়া হয়েছে, যেগুলোকে ‘নোট অফ ডিসেন্ট’ বলে। বিএনপি যখন জুলাই সনদে স্বাক্ষর করেছে, তখন বিএনপি কিছু কিছু জায়গায় ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছে যে- এই জায়গাগুলোতে বিএনপি তাদের সাথে একমত পোষণ না করে বিএনপির যে অবস্থান সেই অবস্থান অনুযায়ী আগামী দিনের পথ চলবে। সেই জায়গাগুলোতে কিন্তু সকল রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করে নাই। কাজেই সেই জায়গাগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা বা সেগুলো বাস্তবায়ন করতে বিএনপি বাধ্য নয়।
জামালপুর জেলা ছাত্রদলের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ছাত্রদল নেতাদের মাদক থেকে দুরে থাকতে হবে। যদি ছাত্রদলের কোন নেতাকর্মী মাদকের সাথে সম্পৃক্ত থাকে তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।