ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ মে, ২০২৬ ১৫:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার
দেশের উত্তর-পূর্বাঞ্চলের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির এখনো তেমন কোনো উন্নতি হয়নি।
রোববার (৩ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে।
পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৬২ মিলিমিটার ও হবিগঞ্জ জেলার হবিগঞ্জে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সকাল ৯টার তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের ৩টি জেলার ৫টি নদীর ৬টি স্টেশন প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সুনামগঞ্জ জেলার নলজুর নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ২৯ সেন্টিমিটার ওপরে (জগন্নাথপুর), নেত্রকোণা জেলার ভোগাই-কংশ নদীর পানি ১৬ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৮৯ সেন্টিমিটার ওপরে (জারিয়াজঞ্জাইল), সোমেশ্বরী নদীর পানি ১০ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৬৪ সেন্টিমিটার ওপরে (কলমাকান্দা), মগরা নদীর পানি ৮ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৭৪ সেন্টিমিটার ওপরে (নেত্রকোণা) ও মগরা নদী ১ সেন্টিমিটার হ্রাস পেয়ে ২৭ সেন্টিমিটার ওপরে (আটপাড়া) প্রবাহিত হচ্ছে।
এছাড়া হবিগঞ্জ জেলার সুতাং নদীর পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৬০ সেন্টিমিটার ওপরে (সুতাং রেল-ব্রিজ), সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানির সমতল ঘণ্টায় ১ থেকে ২ সেন্টিমিটার হারে অত্যন্ত ধীরগতিতে বাড়ছে।