ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬ ১৬:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ১১ বার
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় তিনজনকে কুপিয়ে হত্যা করেছে একদল ডাকাত।
পুলিশ জানিয়েছে, সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাতদের আস্তানায় তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়।
নিহতরা হলেন- একই এলাকার রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম রবি, নুরুল কবিরের ছেলে মজিদ ও নুরুল ইসলামের ছেলে নুরুল বশর ওরফে কালানি।
নিহত রবিউল ইসলাম রবির বাবা রুহুল আমিন বলেন, আমার ছেলেকে মধ্যরাতে ডেকে নিয়ে যায় স্থানীয় মোর্শেদ আলম।
এরপর ভোরে পাহাড়ে আমার ছেলের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। কেন আমার ছেলেকে মারা হয়েছে, আমি জানি না।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, স্থানীয়দের খবর পেয়ে তিনি উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় যান। সেখানে একজনের লাশ দেখতে পান। পাশেই একটি কোদাল পাওয়া যায় এবং নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। আর দুজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।
তিনি বলেন, খবর পরে পরিবারের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
চেয়ারম্যান আমজাদ আরও বলেন, স্থানীয়দের ধারণা, নিহতদের মধ্যে দুজন অপহরণ চক্র ও ডাকাত দলের সদস্য ছিলেন। এছাড়া তাদের একজনের নামে ছয়-সাতটি মামলা রয়েছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাতদলের আস্তানা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু হয়। তাদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেন তাদের হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, মানবপাচার ও অপহরণের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধে জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।