ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬ ১৩:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম বিএনপির সহ-সভাপতি মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে কুঠুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় নামক স্থানে এই গুলির ঘটনা ঘটে।
মুকুল হোসেন সাহারবাটি গ্রামের নেক মোহাম্মদের ছেলে। তিনি সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, তার বুকে ও পিঠে পাঁচটি গুলি করা হয়েছে।
তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেখান থেকে চারটি গুলির খোসা উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, মুকুল হোসেনের ওপর এর আগেও দুই দফায় বোমা হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ।