ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৫ বছরে ৪ কোটি নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ মার্চ, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১২ বার


৫ বছরে ৪ কোটি নারী পাবেন ‘ফ্যামিলি কার্ড’

দেশের নারী সমাজের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

আগামী ৫ বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের নারী প্রধানদের হাতে পর্যায়ক্রমে এই কার্ড তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৪টি উপজেলায় ৩৭ হাজার নারী এই কার্ডের সুবিধা পাচ্ছেন।

এর মধ্যে রাজধানীর কড়াইল, ভাষানটেক এবং সাত তলা এলাকার প্রায় ১৫ হাজার নারীকে আজ এই কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে।

 

নারীদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে, তাদের শিক্ষা ও আর্থিকভাবে ক্ষমতায়ন না করে দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলের কথা স্মরণ করে সরকার প্রধান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা করেছিলেন।

সেই শিক্ষিত নারী সমাজকে আজ আমরা অর্থনৈতিকভাবে সচ্ছল করতে চাই, ক্ষমতায়ন করতে চাই।

 

নির্বাচনের মাধ্যমে দেশে বর্তমানে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। আগামী মাসের মধ্যে কৃষকদের মাঝেও ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে।

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে কৃষকদের ঋণ মওকুফের বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে। গত সপ্তাহেই সরকারের পক্ষ থেকে সেই ঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে।

 

ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিকে নিজের ও দলের জন্য একটি ‘ঐতিহাসিক এবং আবেগের দিন’ হিসেবে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, এই দিনটির জন্য বহু বছর ধরে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আজ সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি।

এই দেশ আমাদের প্রথম এবং শেষ ঠিকানা, একে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রী ড. এ জেড এম জাহিদ। কড়াইল, সাত তলা ও ভাষানটেক এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ