ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার
দায়িত্ব নেওয়ার পরদিন কর্মব্যস্ত সময় পার করে সচিবালয় ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তিনি সচিবালয় থেকে বের হন।
এর আগে বেলা ১২টা ৩১ মিনিটে সচিবালয়ে আসেন তারেক রহমান। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে বেলা ১২টার দিকে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা জানান তিনি।
দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সচিবালয়ে মধ্যাহ্নভোজ ও যোহরের নামাজ আদায় করেন; এরপর বিকেল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন তিনি।
বৈঠকে বিভিন্ন বিষয়কে প্রাধান্য দিয়ে ১৮০ দিনের কর্মপরিকল্পনা ঠিক করার নির্দেশ দেন তারেক রহমান।
বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন তারেক রহমান।
এদিকে, সন্ধ্যায় সচিবালয়ে জাতির উদ্দেশে দেওয়া তার ভাষণ রেকর্ড করা হয়।
গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। বুধবার তারা সচিবালয়ে অফিস করতে আসেন।