ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফিলিপাইনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


ফিলিপাইনের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেনস এশিয়ান কাপের বাছাইপর্বের বাধা পেরোতে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু শারীরিক গড়ন ও টেকনিকের দিক থেকে যোজন যোজন এগিয়ে থাকা ফিলিপাইনের বিপক্ষে সেই সমীকরণ মেলাতে পারেনি সাইফুল বারী টিটুর শিষ্যরা।

 

 

উজবেকিস্তানের তাসখন্দে গ্রুপ পর্বের ‘অলিখিত ফাইনালে’ ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আলপি-মেঘলারা।

রোববার অনুষ্ঠিত ‘এইচ’ গ্রুপের এই লড়াইয়ে প্রথমার্ধ পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখতে পারলেও, দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের আগ্রাসী ফুটবলের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ।

 

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানকে দুদলই হারিয়েছিল। তবে ফিলিপাইন জিতেছিল ৪-০ ব্যবধানে, আর বাংলাদেশের জয়টি ছিল ২-১ গোলের।

ফলে সমীকরণ দাঁড়িয়েছিল, গ্রুপ সেরা হতে ফিলিপাইনের জন্য কেবল একটি ড্র-ই যথেষ্ট। অন্যদিকে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের।

কঠিন এই সমীকরণ মেলাতে নেমে শুরু থেকেই প্রচণ্ড চাপে পড়ে মুন্নী-রানীরা।

 

ম্যাচের বেশিরভাগ সময় খেলা হয়েছে বাংলাদেশের অর্ধে। তবে শুরুর দিকে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের মেয়েরা। চতুর্থ মিনিটে ডিফেন্ডার মৌসুমী আক্তার নিশ্চিত বিপদ রক্ষা করেন। এরপর ১৬ ও ২৩তম মিনিটে গোলরক্ষক মেঘলা রানী রায় দারুণ দক্ষতায় ফিলিপাইনের আক্রমণ রুখে দেন।

বিরতির আগে আগে গুছিয়ে ওঠার চেষ্টা করে বাংলাদেশ। ৪৩তম মিনিটে মৌসুমীর একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্ভাগ্য জেঁকে বসে বাংলাদেশ শিবিরে; বক্সের বাইরে থেকে আলপি আক্তারের দারুণ একটি বাঁ-পায়ের শট ক্রসবারে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধেও কোণঠাসা ছিল বাংলাদেশ, তবে রক্ষণ জমাট রেখেছিল বেশিক্ষণই। কিন্তু ৭৩তম মিনিটে সেই দেয়াল ভেঙে যায়। বাঁ দিক থেকে আসা একটি ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন বাংলাদেশের এক ডিফেন্ডার। সুযোগ কাজে লাগিয়ে জোরালো শটে ফিলিপাইনকে লিড এনে দেন মায়া রোজ বাসকারা।
ম্যাচে ফেরার মরিয়া চেষ্টায় থাকা বাংলাদেশ শেষ মুহূর্তে উল্টো আরও দুই গোল হজম করে বসে। 

ফিলিপাইনের নোয়েল্লে গ্রানজার শেষদিকে রীতিমতো ঝড় তোলেন। ৯০তম মিনিটে বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করার পর, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯০+১) নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই ফরোয়ার্ড।

টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে ফিলিপাইন। অন্যদিকে রানার্সআপ হয়ে স্বপ্নভঙ্গের চরম হতাশা নিয়ে বাছাইপর্ব থেকেই দেশের বিমান ধরতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।


   আরও সংবাদ