স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
ফুটবল মাঠের বাইরেও নতুন এক জগতে হাজির হচ্ছেন লিওনেল মেসি। তার প্রযোজনায় নির্মিত অ্যানিমেটেড সিরিজ ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’-এর প্রথম টিজার প্রকাশ পেয়েছে।
স্পেনের ‘কমিক-কন মালাগা’ উৎসবে সিরিজটির ঝলক দেখতে পেয়েছেন ভক্তরা।
সিরিজের গল্পের কেন্দ্রীয় চরিত্র ১২ বছর বয়সী কিশোর ‘লিও’।
টিজারে দেখা যায়, হঠাৎ করেই নিজের কম্পিউটারের পর্দার ভেতরে ঢুকে পড়ে সে। এরপর পৌঁছে যায় দৈত্যদের নিয়ন্ত্রিত এক অচেনা জগতে।
সেখানেই শুরু হয় তার নতুন অভিযান।
‘ইকো’ নামের সেই বিচিত্র জগৎ থেকে বের হয়ে নিজের বাড়িতে ফেরাই লিওর মূল লক্ষ্য।
কিন্তু পরিচিত কোনো ‘চিট-কোড’ সেখানে কাজ করে না। ফলে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে তাকে নির্ভর করতে হয় নিজের ফুটবল দক্ষতা এবং সতীর্থদের সঙ্গে দলগত বোঝাপড়ার ওপর।
বিভিন্ন কঠিন ফুটবল লড়াই পেরিয়ে লিও কীভাবে সেই অজানা জগতের রহস্য উন্মোচন করবে, সেটিই সিরিজের গল্পে তুলে ধরা হবে।
সিরিজের প্রধান চরিত্র লিওর কণ্ঠ দিয়েছেন আর্জেন্টাইন অভিনেতা মাইলো বার্জেস-ওয়েব। টিজারে শোনা গেছে সিরিজটির থিম সং ‘ভামোস, ভামোস, ভামোস’-এর অংশও। গানটি গেয়েছেন আর্জেন্টাইন সংগীতশিল্পী লাক রা।
বিশ্বের বিভিন্ন দেশের দর্শকের জন্য সিরিজটি মুক্তি পাবে ২০২৭ সালের গ্রীষ্মে। ওটিটি প্ল্যাটফর্ম Disney+-এ বিশ্বজুড়ে দেখা যাবে এটি। আর যুক্তরাষ্ট্রে সিরিজটি প্রচারিত হবে Disney Channel-এ।