ঢাকা, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪০ বার


ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে দুর্দান্ত বোলিং করে মাত্র ২১ রানে ৪ উইকেট তুলে নিয়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি টাইগাররা।

মাঝের ওভারে বোলিং ও ফিল্ডিংয়ের ব্যর্থতায় ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তোলে। জবাবে বাংলাদেশ ১০২ রানে থেমে যায়।

 

নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান ৬ বলে কোনো রান না করে ফেরেন।

এরপর তানজিদ হাসান ২ বলে শূন্য ও অধিনায়ক লিটন দাস ১ বলে শূন্য রানে আউট হলে দ্রুতই চাপে পড়ে দল।

 

তবে পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

ইমন ২৬ বলে ২২ রান করেন। হৃদয় ৬ বলে ১১ রান করে ফিরলে সেই জুটিও ভেঙে যায়। ইয়াসির আলী ১৬ বলে ২১ এবং রিশাদ হোসেন মাত্র ৫ বলে ১০ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ দিকে নাসুম আহমেদের ২৮ বলে ২৬ রান কেবল হারের ব্যবধান কমায়।

 

 

শ্রীলঙ্কার বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০২ রানেই থামে তাদের ইনিংস।

এর আগে বাংলাদেশের বোলাররা শ্রীলঙ্কাকে শুরুতেই চাপে ফেলেছিলেন। মাত্র ২১ রানের মধ্যে চার উইকেট হারিয়েছিল লঙ্কানরা। কিন্তু এরপর সাহান আরাচ্চিগে ও থারিন্দু রাত্নায়েকের জুটিতে ম্যাচের চিত্র পাল্টে যায়। থারিন্দু ৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ব্যাটে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা।

বিশেষ করে মোস্তাফিজুর রহমানের ১৪তম ওভারে ২৫ রান তুলে শ্রীলঙ্কা ম্যাচে ফিরে আসে। পরে ক্যাচ মিসের সুযোগও কাজে লাগিয়ে বড় সংগ্রহ গড়ে তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান ও শেখ মাহেদী হাসান দুটি করে উইকেট নেন।


   আরও সংবাদ