স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
মাঠের বাইরেও মানবিক কাজের জন্য আবারও আলোচনায় লিওনেল মেসি। বার্সেলোনায় শিশু ক্যানসারের চিকিৎসার জন্য নির্মাণাধীন একটি বড় হাসপাতাল কমপ্লেক্সে ২৬ লাখ ইউরো (প্রায় ৩৬ কোটি টাকা) অনুদান দিয়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা।
ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মারকাতো’র প্রতিবেদন অনুযায়ী, মেসি ফাউন্ডেশনের মাধ্যমে দেওয়া এই অর্থ ব্যবহার করা হবে স্পেনের বার্সেলোনায় সান্ত জোয়ান দে দেউ হাসপাতালের শিশু ক্যানসার চিকিৎসা কেন্দ্রের উন্নয়নে।
নতুন এই হাসপাতাল কমপ্লেক্সে বছরে অন্তত ৪০০ শিশু রোগীর চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
একই জায়গায় শিশুদের ক্যানসার চিকিৎসার সঙ্গে সম্পর্কিত সব ধরনের সেবা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
চিকিৎসা, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে মানবিক কার্যক্রমে মেসির সম্পৃক্ততা নতুন নয়।
ক্যারিয়ারের বিভিন্ন সময়ে শিশুদের স্বাস্থ্যসেবা উন্নয়ন ও সুবিধাবঞ্চিতদের সহায়তায় কাজ করেছেন তিনি।
মেসি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় সহায়তা, আর্জেন্টিনার নিজ শহর রোজারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং মোজাম্বিকে শিশু অপুষ্টি মোকাবিলার প্রকল্পেও অবদান রেখেছেন মেসি।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও শিশুদের স্বাস্থ্য ও কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে কাজ করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ফুটবল মাঠে যেমন তার পারফরম্যান্স আলোচনায় থাকে, তেমনি মাঠের বাইরেও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের প্রভাব কাজে লাগিয়ে চলেছেন মেসি। শিশুদের স্বাস্থ্যসেবায় তার এই নতুন উদ্যোগ আবারও সেই দিকটি সামনে নিয়ে এসেছে।