ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফুটবল দলের নতুন জার্সিতে লাল-সবুজ ও মাতৃভাষার ছোঁয়া

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


ফুটবল দলের নতুন জার্সিতে লাল-সবুজ ও মাতৃভাষার ছোঁয়া

বুকে বাংলা বর্ণমালা, আর লাল-সবুজের চিরায়ত আবেগ, ঠিক এমন এক দারুণ আবহে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি। মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্পূর্ণ দেশীয় আমেজে ব্যতিক্রমী এই নকশা নিয়ে এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল কিট স্পন্সর প্রতিষ্ঠান দৌড়।

 

আজ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফুটবলারদের এই নতুন কিট জনসমক্ষে আনা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এবারের জার্সিগুলোও প্রস্তুত করার দায়িত্বে ছিল দেশীয় স্পোর্টস ব্র্যান্ড ‘দৌড়’।

 

নতুন হোম জার্সিতে এবার মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভ্র সাদা।

জার্সির সবুজ কলার ও দুই পাশের লাল বর্ডার একে দিয়েছে নান্দনিক রূপ। তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর জমিনে ফুটে ওঠা বাংলা বর্ণমালার ছাপ।

বাফুফের লোগো এবং খেলোয়াড়দের নম্বর বুকের ওপর লাল রঙে ফুটিয়ে তোলা হয়েছে। এই জার্সির সাথে মিলিয়ে ফুটবলারদের পরনে থাকবে টকটকে লাল শর্টস এবং সাদা মোজা।

 

অন্যদিকে, অ্যাওয়ে জার্সিতে ধরে রাখা হয়েছে চিরচেনা লাল-সবুজের ঐতিহ্য। মূল সবুজ রঙের জার্সির কাঁধের অংশে টানা হয়েছে লাল স্ট্রাইপ। হোম জার্সির মতো এখানেও থাকছে বাংলা হরফের উপস্থিতি, যা এমবসড টেক্সচারে (ত্রিমাত্রিক (3D) বা উঁচু-নিচু নকশা সামনের অংশে) ফুটিয়ে তোলা হয়েছে। 

তবে এই কিটে প্রস্তুতকারক কোম্পানির লোগো ও জার্সি নম্বরগুলো রাখা হয়েছে ছিমছাম সাদা রঙে। অ্যাওয়ে জার্সির সাথে মানানসই সবুজ রঙের শর্টস এবং সবুজ মোজা পরেই মাঠে নামবেন বাংলার ফুটবলাররা।


   আরও সংবাদ