স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
৪৪ রানে শ্রীলঙ্কার নেই ৫ উইকেট। ম্যাচের নিয়ন্ত্রণ তখন বাংলাদেশের হাতেই।
১১৫ রানের ছোট লক্ষ্যও শ্রীলঙ্কার জন্য কঠিন হয়ে উঠেছিল। কিন্তু সেই জায়গা থেকে একাই ম্যাচের গতিপথ বদলে দিলেন হার্শিতা সামারাবিক্রমা।
তাঁর অপরাজিত ৪৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা নারী দল।
এই হারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাওয়ার পথটা বন্ধ হয়ে গেলো বাংলাদেশের।
সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। আজ জিততে পারলে সেমিফাইনালে ভারতকে এড়ানো যেত!
রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা।
১ রানেই অধিনায়ক চামারি আতাপাত্তুকে ফিরিয়ে দেন মারুফা আক্তার। এরপরও নিয়মিত উইকেট হারাতে থাকে লঙ্কানরা। ইমেশা দুলানি ১২, সঞ্জনা কবিন্দ ৯ ও বিষ্মি গুণরত্নে ৯ রান করে ফেরেন। নিলাক্ষিকা সিলভা ১৮ ও কবিশা দিলহারি ৩ রান করে আউট হলে ৪৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা।
তখন মাত্র ক্রিজে নামের সামারাবিক্রমা। একটু একটু করে থিতু হয়ে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা কেড়ে নেন লঙ্কান এই ব্যাটার। এক প্রান্ত আগলে রেখে দারুণ আত্মবিশ্বাসে ব্যাট করতে থাকেন বাঁহাতি এই ব্যাটার। চাপের মুহূর্তে বাউন্ডারি মেরে যেমন রান বাড়িয়েছেন, তেমনি প্রয়োজনের সময় সিঙ্গেল-ডাবল নিয়ে স্কোরবোর্ডও সচল রেখেছেন। শেষ পর্যন্ত ৩৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪৮ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
শেষদিকে হার্শিতার সঙ্গে ১১ রানে অপরাজিত থেকে কাজটা শেষ করেন কৌশিনী নুত্যাঙ্গনা। ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে বল হাতে শুরুটা ছিল দারুণ। বিশেষ করে মারুফা আক্তার শ্রীলঙ্কার টপ অর্ডারে একের পর এক আঘাত হেনে ৩ উইকেট তুলে নেন। রিতু মনি ও সুলতানা খাতুন নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাটিংয়েও বাংলাদেশ নিজেদের সামর্থ্য অনুযায়ী রান তুলতে পারেনি। ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান। ব্যাটারদের কেউই ইনিংস বড় করতে পারেননি। সবচেয়ে বড় সমস্যা ছিল রান তোলার গতি। গুরুত্বপূর্ণ সময়ে স্ট্রাইক রেট ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত স্কোরটা প্রতিপক্ষের নাগালের মধ্যেই থেকে যায়।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটামুটি ভালোই করেছিল বাংলাদেশ। দুই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশের মেয়েরা। তবে ৩১ রানের ওপেনিং জুটি ভাঙে ৪.৫ ওভারে।
জুয়াইরিয়া ফেরদৌস ১৪ রান করে ফেরার পর দারুণ ব্যাটিং করা আরেক ওপেনার দিলারা আক্তারও ২৬ রান করে আউট হন। ২৬ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহের পথে এগোতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন সোবহানা মোস্তারি। ৪১ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।
মাঝের ওভারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪ রান করে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। স্বর্ণা আক্তারও ৯ রান করে সাজঘরে ফেরেন। শেষ দিকে ফাহিমা খাতুনের ১৩ বলে ১৪ রানের ছোট্ট ইনিংসে ভর করে কোনোভাবে ১১৪ রানের সংগ্রহ পায় নিগার সুলতানার দল।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন চামুদি প্রবোধা। বাংলাদেশের দুটি উইকেট শিকার করেন তিনি। এ ছাড়া সুগান্দিকা কুমারি ও কাভিশা দিলহারি নেন একটি করে উইকেট।