ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আইসিসিবিতে জমে উঠল ‘সুপার সেল কার বাজার’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার


আইসিসিবিতে জমে উঠল ‘সুপার সেল কার বাজার’

এক পাশে ঝকঝকে নতুন গাড়ি, অন্য পাশে রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ির সারি। কোথাও গাড়ির ইঞ্জিন, মডেল ও কাগজপত্র নিয়ে আলোচনা চলছে, আবার কোথাও ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন পছন্দের গাড়িটি।

কেউ বিক্রেতার সঙ্গে দরদাম করছেন, কেউ আবার ব্যাংকের প্রতিনিধির কাছে জানতে চাইছেন, গাড়ি কিনতে কত টাকা ঋণ পাওয়া যাবে। সব মিলিয়ে গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে প্রাণবন্ত হয়ে উঠেছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।

 

জাঁকালো আয়োজনের মধ্য দিয়ে আজ আইসিসিবি প্রাঙ্গণে যাত্রা শুরু করেছে ‘সুপার সেল কার বাজার’। উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ কার বাজার বসবে প্রতি শুক্রবার।

এখানে একই জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি দেখার পাশাপাশি কেনাবেচার সুযোগ থাকছে।

 

ছবি: জি এম মুজিবুর

ছবি: জি এম মুজিবুর

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান।

 

তিনি বলেন, নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত যানবাহন এক ছাদের নিচে যাচাই করার সুযোগ এবং পাশাপাশি সহজ ফাইন্যান্সিং সুবিধার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি স্বচ্ছ ও সুবিধাজনক আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম হতে যাচ্ছে সুপার সেল কার বাজার।

আরও পড়ুন

আইসিসিবিতে সুপার সেল কার বাজারে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়

আইসিসিবিতে সুপার সেল কার বাজারে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়

 

আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করাই আইসিসিবি কার বাজারের মূল লক্ষ্য। এতে ক্রেতারা ন্যায্য ও প্রকৃত মূল্যে পছন্দের গাড়ি কেনার সুযোগ পাবেন। একটি গাড়ি একটি পরিবারের স্বপ্ন, তাই কেনার আগে গাড়ি যাচাই-বাছাইয়ের জন্য এখানে রয়েছে বিশেষজ্ঞ টেকনিক্যাল টিম। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় থাকছে সহজ অর্থায়নের সুবিধা। ভবিষ্যতে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে বিভিন্ন কমার্শিয়াল ভেহিকেলও এ আয়োজনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বসুন্ধরার উদ্যোগগুলো যেমন মাইলফলক তৈরি করে, আশা করি এই কার বাজারও বাংলাদেশের জন্য তেমন একটি মাইলফলক হবে।

বারভিডার মহাসচিব রিয়াজ রহমান বলেন, বসুন্ধরা ও ইব্রাহিম সাহেবের উদ্যোগে এমন একটি সুন্দর পরিবেশে কার বাজার আয়োজন সত্যিই প্রশংসনীয়। এখানে নতুন ও পুরোনো গাড়ি এক জায়গায় দেখার সুযোগ থাকায় ক্রেতাদের জন্য বিষয়টি অনেক সহজ হয়েছে। এটি আমাদের জন্য একটি ভালো সূচনা। আগামী সপ্তাহগুলোতে আয়োজনটি আরও বড় ও সুন্দরভাবে করা সম্ভব হবে বলে আশা করছি।

ছবি: জি এম মুজিবুর

ছবি: জি এম মুজিবুর

তিনি আরও বলেন, বৃষ্টিসহ বিভিন্ন প্রতিকূল আবহাওয়াতেও এখানে গাড়ি দেখার সুযোগ রয়েছে। একইসঙ্গে দালালদের বিভিন্ন ঝামেলা এড়িয়ে সরাসরি গাড়ি কেনার সুযোগ তৈরি হয়েছে। আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ আয়োজনে ক্রেতা ও গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. ওয়াহিদ ইবনে শাহেদ, আইপিডিসি ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস মোহাম্মদ মনিরুল ইসলাম, উইজার্ড শোবিজের সিইও আরিফুজ্জামান রাসেলসহ দেশের অটোমোবাইল খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

এ ছাড়াও আয়োজক প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গাড়ি ব্যবসায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিভিন্ন গাড়ি ও বাইকিং কমিউনিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আধুনিক ও নিরাপদ পরিবেশে গাড়ি ক্রয়-বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। একইসঙ্গে গাড়ি মালিক ও ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে দেশের অটোমোবাইল বাজারকে আরও গতিশীল করতেও ভূমিকা রাখবে ‘সুপার সেল কার বাজার’।

ছবি: জি এম মুজিবুর

ছবি: জি এম মুজিবুর

‘সুপার সেল কার বাজার’র অন্যতম বিশেষ আকর্ষণ হলো, গাড়ি কেনাবেচার পাশাপাশি ক্রেতারা সরাসরি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে অটো লোন, গাড়ি ফাইন্যান্সিং ও অন্যান্য আর্থিক সুবিধা সম্পর্কে জানতে পারবেন। ফলে গাড়ি কেনার পুরো প্রক্রিয়াটি হবে আরও সহজ, স্বচ্ছ ও সুবিধাজনক।

আজ থেকেই প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই কার বাজার। আগ্রহী ক্রেতারা একই স্থানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখে নিজেদের পছন্দের গাড়ি নির্বাচন করতে পারবেন। পাশাপাশি যারা গাড়ি বিক্রি করতে চান, তারাও তাদের গাড়ি সম্ভাব্য ক্রেতাদের সামনে উপস্থাপনের সুযোগ পাবেন।

আয়োজকদের প্রত্যাশা, ‘সুপার সেল কার বাজার’ খুব শিগগিরই গাড়িপ্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের জন্য রাজধানীর অন্যতম জনপ্রিয় অটোমোবাইল মার্কেটপ্লেস হিসেবে প্রতিষ্ঠিত হবে।


   আরও সংবাদ