স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ অগাস্ট, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩০ বার
টটেনহ্যামের সঙ্গে ক্রিস্তিয়ান রোমেরোর পাঁচ বছরের পথচলার শেষ হলো। আতলেতিকো মাদ্রিদে যাওয়ার জোর গুঞ্জনের মধ্যেই শুক্রবার ক্লাবটিকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
২০২১ সালে আতালান্তা থেকে টটেনহ্যামে যোগ দেন রোমেরো। শুরুতে ধারে এলেও পরের বছর স্থায়ীভাবে তাঁকে দলে নেয় ইংলিশ ক্লাবটি।
এরপর ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। গত বছর টটেনহ্যামের অধিনায়কত্বও পান ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।
টটেনহ্যামে রোমেরোর সবচেয়ে স্মরণীয় সময় অবশ্য আসে ২০২৪-২৫ মৌসুমে। প্রিমিয়ার লিগে হতাশাজনক পারফরম্যান্সের মধ্যেও ইউরোপা লিগে দুর্দান্ত পথচলা ছিল টটেনহ্যামের।
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শিরোপা জেতার সেই ফাইনালে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন রোমেরো এবং ম্যাচসেরার পুরস্কারও পান। পরে পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
এবার সেই অধ্যায় শেষ করে নতুন ঠিকানায় যাওয়ার অপেক্ষায় রোমেরো। সংবাদমাধ্যমের খবর, আতলেতিকো তাঁকে পেতে টটেনহ্যামের সঙ্গে প্রায় ৪ কোটি ইউরোর চুক্তিতে পৌঁছেছে। চুক্তিতে বাড়তি শর্তও রয়েছে বলে জানিয়েছে স্কাই স্পোর্টস।
বিদায়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে টটেনহ্যাম সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন রোমেরো। সেখানে নিজের সময়ের নানা ওঠানামার কথা স্মরণ করে ক্লাবটির সঙ্গে একটি ট্রফি জয়ের গর্বের কথাও জানিয়েছেন তিনি, ‘“দারুণ সব স্মৃতি হৃদয়ে ধারণ করে এবং একসঙ্গে যা কিছু করেছি ও অর্জন করেছি, সেই গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি।’
আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপজয়ী রোমেরো জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য। ক্লাব ক্যারিয়ারে টটেনহ্যামের হয়ে তাঁর সবচেয়ে বড় অর্জন ইউরোপা লিগের শিরোপা। এবার স্পেনের ক্লাব আতলেতিকোতে নতুন অধ্যায় শুরু করার অপেক্ষায় তিনি।