ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
দেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলগুলোর রপ্তানিকারকদের স্বল্পমেয়াদী তারল্য সংকট মেটাতে বিশেষ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব অঞ্চলের রপ্তানিকারকরা তাদের বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টে থাকা দায়মুক্ত স্থিতির বিপরীতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর সঙ্গে ‘বৈদেশিক মুদ্রা-টাকা সোয়াপ’ (আদলবদল) চুক্তি করতে পারবেন।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ৩ নভেম্বর জারিকৃত এক সার্কুলারের মাধ্যমে রপ্তানিকারকদের ৩০ দিনের পুল এবং এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্টে থাকা স্থিতির বিপরীতে ব্যাংকগুলোর সঙ্গে ডলার-টাকা সোয়াপের অনুমতি দেওয়া হয়েছিল।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিশেষায়িত অঞ্চলগুলোতে ব্যবসার পরিধি বাড়াতে ও স্বল্পমেয়াদী তারল্য সরবরাহের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় দেশের এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড), প্রাইভেট এক্সপোর্ট প্রসেসিং জোন (পিইপিজেড), ইকোনমিক জোন (ইজেড) এবং হাই-টেক পার্কগুলোতে (এইচটিপি) সক্রিয় বা কর্মরত রপ্তানিকারকরা এই নতুন সুবিধা পাবেন।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়, পূবের এ সংশ্লিষ্ট সার্কুলারগুলোর অন্যান্য সব বিধান ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক সকল অনুমোদিত ডিলার ব্যাংককে এই নির্দেশনার বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করার নির্দেশ দিয়েছে।