ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ জুন, ২০২৬ ০৯:২০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার
রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা পুলিশ।
রোববার (২১ জুন) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিলের প্রস্তুতির জন্য সমবেত হন। এ সময় অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, আদাবর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কবির আহম্মেদ (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার (৪০), মো. নয়ন শেখ (৩১), যুবলীগের কর্মী মো. ইব্রাহিম (২৬), মো. রাকিব (২৬) ও মো. রাকিব (২৩)।
অপরদিকে, মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটজন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, মো. কবির ওরফে হুমায়ুন কবির (৫৪), মো. কালাম ফরাজি (৪০), কবির হাওলাদার (৪৮), মো. সিরাজ (৩৮), মো. হেলাল হোসেন (৪০), মো. আলী রাজ হোসেন (৩৭), মো. স্বপন মিয়া (৪০) এবং মুরাদ ওরফে মুরাদ মাতবর (২৭)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।