ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ জুন, ২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮৭ বার
ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছেন। এর মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়।
ব্যাংকটির চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে ভাইস চেয়ারম্যান ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং পরিচালক সালেক আহমেদ আবুল মাসরুর, আনিতা গাজী রহমান, চৌধুরী এমএকিউ সারওয়ার ও লীলা রশিদ উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) তারেক রেফাত উল্লাহ খান ব্যাংকের প্রতি অবিচল আস্থা রাখার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান।
কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান সভা পরিচালনা করেন।
ব্যাংকটির ২০২৫ সালে সমন্বিত নিট মুনাফা ৫৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৫১ কোটি টাকায় পৌঁছেছে। একই সময়ে ব্যাংকের একক (স্ট্যান্ডঅ্যালোন) নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮১ কোটি টাকা, যা আগের বছরের ১ হাজার ২১৪ কোটি টাকার তুলনায় ৩০ শতাংশ বেশি।
সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ৯.১২ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৪ সালে ছিল ৬.১৮ টাকা। সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৫১.৫৬ টাকা, যা আগের বছর ছিল ৩৯.৩৮ টাকা।
এ ছাড়া সমন্বিত ভিত্তিতে শেয়ারপ্রতি নিট ক্যাশ ফ্লো বেড়ে ৭২.৭২ টাকায় পৌঁছেছে, যা ২০২৪ সালে ছিল ৫৪.১৪ টাকা।
সভায় চেয়ারম্যান মেহেরিয়ার এম. হাসান সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ব্যাংকের শক্তিশালী আর্থিক সক্ষমতা ও ধারাবাহিক প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।