ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ জুন, ২০২৬ ১৬:৪৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
সরকার দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসেবে একটি আধুনিক, শক্তিশালী ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন তিনি।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে ব্যাংকনির্ভর অর্থায়নের ওপর চাপ কমে। পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তরের জন্য নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করা হবে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা হবে।
এ উদ্দেশ্যে শেয়ারবাজারের পাশাপাশি করপোরেট বন্ড মার্কেট, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুক এবং অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ উপকরণের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। যোগ্য কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে তালিকাভুক্তির ধাপসমূহ পর্যালোচনা ও সরলীকরণ করা হবে।
প্রতিবেদন ও তথ্য প্রকাশের শর্তাবলি সংশোধন করে আরও সহজ, সুস্পষ্ট ও বাস্তবসম্মত করা হবে, যাতে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে উৎসাহিত হয়।
দীর্ঘমেয়াদি অর্থায়নের বিকল্প উৎস গড়ে তুলতে করপোরেট বন্ড মার্কেট সম্প্রসারণ এবং স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড (মিউনিসিপ্যাল বন্ড) ইস্যুর কাঠামো প্রণয়ন করা হবে।
তিনি বলেন, বিশ্বব্যাপী পুঁজি গঠনের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলেও আমাদের দেশে এ ধারা অনুপস্থিত। এ ক্ষেত্রে উদ্যোক্তারা ব্যাংকের ওপরই ভরসা করে এসেছেন। যে পুঁজিবাজার শিল্পায়নের মূলধন গঠনে ভূমিকা রেখে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার কথা, আস্থাহীনতার কারণে সেখানে হয়েছে উল্টোটা।
তিনি আরও বলেন, আমরা ঋণনির্ভর বিনিয়োগকে ইক্যুইটিভিত্তিক বিনিয়োগে রূপান্তর করতে চাই। আমাদের লক্ষ্য বর্তমান ঋণভিত্তিক অর্থনীতি থেকে সরে এসে বিনিয়োগভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। এ লক্ষ্যে পুঁজিবাজারকে শক্তিশালী করতে এবং এর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব।