ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আলভারেসের জন্য রিয়ালের ১৫ কোটি ইউরোর প্রস্তাব

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১০ জুন, ২০২৬ ১৬:৪৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


আলভারেসের জন্য রিয়ালের ১৫ কোটি ইউরোর প্রস্তাব

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসকে দলে নিতে ১৫ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

আলভারেসকে ছাড়তে হলে তার রিলিজ ক্লজ ৫০ কোটি ইউরো দিতে হবে বলে জানিয়ে দিয়েছে আতলেতিকো।

 

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস গত সপ্তাহে জানিয়েছিলেন, সভাপতি পদে পুনর্নির্বাচিত হলে নাম প্রকাশ না করা এক ‘গ্যালাকটিকো’ ফুটবলারকে দলে নিতে ১৫ কোটি ইউরোর প্রস্তাব দেবেন তিনি।

রোববার আবারও সভাপতি পদ ধরে রাখার পর সেই প্রতিশ্রুতি পূরণে এগিয়ে যান পেরেস।

 

তবে ২৬ বছর বয়সী আলভারেসের জন্য দেওয়া রিয়ালের প্রস্তাব গ্রহণ করেনি আতলেতিকো।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে ছাড়তে রাজি নয় ক্লাবটি।

 

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘আজ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকের পর ক্লাব আতলেতিকো দে মাদ্রিদের কাছে খেলোয়াড় হুলিয়ান আলভারেসের ফেডারেটিভ রাইটসের জন্য ১৫ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রস্তাবটি পর্যালোচনা ও মূল্যায়নের পর দুই ক্লাবের ভালো সম্পর্কের প্রেক্ষাপটে দেওয়া প্রস্তাবের জন্য ক্লাব আতলেতিকো দে মাদ্রিদ কৃতজ্ঞতা জানিয়েছে এবং খেলোয়াড়ের রিলিজ ক্লজের কথা উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে।’

রিয়ালের বিবৃতি নিজেদের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে একাধিক হাসির ইমোজি দেয় আতলেতিকো। এরপর আরেক পোস্টে তারা লেখে, ‘আপনারা হয়তো ভদ্রতাকে কৃতজ্ঞতা ভেবে ভুল করেছেন। তবে কোনো সন্দেহ না রাখতে বলছি, আমরা আপনাদের কোনো কিছুর জন্য ধন্যবাদ জানাই না।’

আলভারেসকে ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করে আতলেতিকো। পোস্টে তারা আরও লেখে, ‘হুলিয়ানের জন্য আমরা কোনো প্রস্তাব পর্যালোচনা করি না, বিবেচনাও করি না। আমাদের সম্পর্ক ভালো হবে না কেন, যখন আপনারা আমাদের বার্সেলোনার চেয়েও বেশি হাসান।’

শেষ পোস্টে আতলেতিকো আরও খোঁচা দেয় রিয়ালকে। তারা লেখে, ‘পুনশ্চ: আপনাদের নতুন সভাপতির সঙ্গে ভালো সম্পর্কের সুযোগ নিয়ে বলছি, আমাদের একাডেমি থেকে খেলোয়াড় “চুরি” করা বন্ধ করেন। অনেক ধন্যবাদ।’

সাবেক ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আলভারেস ২০২৪ সালে ৮ কোটি ১৫ লাখ পাউন্ডে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন। ২০২২ বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন গত মৌসুমে আতলেতিকোর হয়ে ৪৯ ম্যাচে করেন ২০ গোল। লা লিগায় চতুর্থ হয়ে মৌসুম শেষ করে আতলেতিকো, পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও পৌঁছায় তারা।

এদিকে প্রত্যাশিতভাবেই রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে, প্রধান কোচ আলভারো আরবেলোয়া ক্লাব ছাড়ছেন। তার জায়গায় জোসে মরিনিয়োর দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ ‘বি’ দলের দায়িত্ব থেকে মূল দলের কোচ হিসেবে পদোন্নতি পান আরবেলোয়া। সাবেক লিভারপুল সতীর্থ জাবি আলোনসোর জায়গায় দায়িত্ব নেন তিনি। তবে ট্রফিহীন মৌসুম শেষে আগেই জানিয়ে দিয়েছিলেন, মৌসুম শেষে আর দায়িত্বে থাকবেন না।

বেনফিকা কোচ মরিনিয়োকে ফিরিয়ে আনা ছিল পেরেসের নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনিয়ো। গত মে মাসেই তিন বছরের চুক্তিতে তার সঙ্গে সমঝোতা হয়, যা পেরেসের পুনর্নির্বাচিত হওয়ার ওপর নির্ভরশীল ছিল।

আরবেলোয়ার বিদায় নিয়ে বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘রিয়াল মাদ্রিদ আলভারো আরবেলোয়ার প্রতি গভীর কৃতজ্ঞ। ক্লাবে থাকার পুরো সময়, যুব একাডেমি থেকে শুরু করে, তিনি সবসময় আনুগত্য, অঙ্গীকার ও পেশাদারিত্ব দেখিয়েছেন। তিনি আমাদের ক্লাবের মূল্যবোধের প্রতিচ্ছবি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ, যা সবসময় তার ঘর হয়ে থাকবে, আলভারো আরবেলোয়া ও তার পরিবারের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানাচ্ছে।’


   আরও সংবাদ