ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘এই নৃশংসতার শেষ চাই’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২১ মে, ২০২৬ ২১:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


‘এই নৃশংসতার শেষ চাই’

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদী আওয়াজ ক্রমেই জোরালো হচ্ছে। 

সাধারণ মানুষ ও বর্তমান ক্রিকেটারদের পর এবার এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তিনি এই ঘৃণ্য অপরাধের দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

 

নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ উগরে দিয়ে নড়াইল এক্সপ্রেস লিখেছেন, ‘রামিসার মতো কত নিষ্পাপ প্রাণ হারিয়ে গেছে, সেই হিসেব হয়তো কেউ রাখবে না।

কিন্তু এই নৃশংসতার শেষ চাই। বিচারহীনতার প্রতিটি ঘটনা অপরাধীদের সাহস বাড়ায়।

এই ঘৃণিত অন্যায়ের দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। প্রতিটি শিশু বেড়ে উঠুক নির্ভয়ে, নিশ্চিন্তে, আনন্দে...।

 

রামিসাকে নির্মমভাবে হত্যার ঘটনাটি পুরো দেশকে নাড়া দিয়েছে। পুলিশ জানিয়েছে, রামিসাদের পাশের একটি ফ্ল্যাট থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়, যা এই হত্যাকাণ্ডের ভয়াবহতাকে ফুটিয়ে তোলে। তবে স্বস্তির বিষয় হলো, এই লোমহর্ষক ঘটনার মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে ইতিপূর্বেই গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনেই অপরাধের স্বীকারোক্তি দিয়েছেন। এখন শুধু বিচারের অপেক্ষা।

রামিসা হত্যাকাণ্ডের পর থেকেই শোকে স্তব্ধ দেশের বিনোদন, রাজনীতি ও ক্রীড়াঙ্গন। বিশেষ করে ক্রিকেট তারকাদের মধ্যে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

মাশরাফির পাশাপাশি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসসহ জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার ইতিমধ্যেই এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।


   আরও সংবাদ