ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ মে, ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
সিলেট অঞ্চলের যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন এবং শেওলা স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক সংযোগ জোরদারে ‘সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৫০৬ কোটি ৭ লাখ ৩৬ হাজার ২৫৫ টাকা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) প্রকল্পটি বাস্তবায়ন করবে। সরকারি অর্থায়ন ও বিশ্বব্যাংকের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়িত হবে।
বুধবার (২০ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, ‘সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ ডব্লিউপি-১-এর লট-১, ২ ও ৩-এর পূর্ত কাজ ক্রয়ের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে মোট ৪৭টি দরপ্রস্তাব জমা পড়ে।
এর মধ্যে ৩৯টি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য (রেসপনসিভ) হিসেবে বিবেচিত হয়।
দরপত্র মূল্যায়নের সব প্রক্রিয়া শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা তিনটি প্রতিষ্ঠানকে তিনটি লটের কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে লট-১-এর কাজ যৌথভাবে মনিকো লিমিটেড এবং চায়না রেলওয়ে নং ৪ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড ১ হাজার ৯৯ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৪২৬ টাকায় বাস্তবায়ন করবে।
লট-২-এর কাজ করবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন, এ লটের ব্যয় ধরা হয়েছে ৮১৬ কোটি ৫৫ লাখ ৫১ হাজার ৮৩০ টাকা।
এছাড়া লট-৩-এর কাজ যৌথভাবে বাস্তবায়ন করবে এনডিই এবং আরবিসিজি, এ অংশের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৮৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের সড়ক যোগাযোগে গতি আসবে, পণ্য পরিবহন সহজ হবে এবং শেওলা স্থলবন্দরকেন্দ্রিক বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।