ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নিজস্ব অর্থ ব্যয় ছাড়াই খেলা দেখানোর ছক

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৯ মে, ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার


নিজস্ব অর্থ ব্যয় ছাড়াই খেলা দেখানোর ছক

আগামী ১১ জুন থেকে পর্দা উঠছে ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের। অথচ বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমী এবার সরাসরি খেলা দেখতে পারবেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

তবে আশার কথা শোনালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তিনি জানিয়েছেন, সরকারি কোষাগারের বা নিজস্ব তহবিলের কোনো অর্থ ব্যয় না করেই বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) দিয়ে খেলা সম্প্রচারের একটি ‘উইনিং ফর্মুলা’ বা চূড়ান্ত রূপরেখার কাছাকাছি পৌঁছে গেছেন তারা।

 

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় দলের কোচ ও ঘরোয়া ফুটবল নিয়ে আয়োজিত এক আলোচনার ফাঁকে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে কথা বলেন বাফুফে সভাপতি।

দর্শকদের বিশ্বকাপ দেখার সুযোগ করে দিতে সরকার যে বদ্ধপরিকর, সেটি স্পষ্ট করেছেন তাবিথ আউয়াল।

তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বরাত দিয়ে বাফুফে সভাপতি বলেন, 'সরকার কোনোভাবেই দর্শকদের বিশ্বকাপ থেকে বঞ্চিত করতে চায় না। আমাকে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, যেন বিটিভির নিজস্ব তহবিল থেকে কোনো আর্থিক খরচ ছাড়াই সম্প্রচার স্বত্বটি তাদের হাতে তুলে দেওয়া যায়।

'

 

তিনি আরও জানান, এই বিশাল ব্যয় মেটাতে স্পন্সর, বিজ্ঞাপন বিক্রি (অ্যাড সেল) বা স্বত্ব পুনরায় বিক্রির (রিসেল) মতো বিকল্প উপায়গুলো নিয়ে কাজ চলছে। পাশাপাশি, সম্প্রচার স্বত্বের মূল দাম কমিয়ে আনতে সংশ্লিষ্টদের সাথে জোর দরকষাকষিও চালিয়ে যাচ্ছে বাফুফে।

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ২৪ দিন। এর মধ্যে প্রায় ১০০ কোটি টাকার সম্প্রচার স্বত্ব কিনে আনা রীতিমতো কঠিন এক চ্যালেঞ্জ। বাফুফে সভাপতিও বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তার মতে, এই প্রক্রিয়ায় মূল চ্যালেঞ্জ হলো দুটি স্বল্প সময় এবং চড়া দাম।

একটি বেসরকারি প্রতিষ্ঠান, সরকার, বিটিভি এবং বাফুফে সম্মিলিতভাবে এই কাজ এগিয়ে নিচ্ছে জানিয়ে তাবিথ বলেন, 'আমরা চেষ্টা করছি কত দ্রুত একটি যৌক্তিক মূল্যে ফিফার কাছে পেমেন্ট ক্লিয়ার করে রাইটস নিজেদের করে নেওয়া যায়। কবে নাগাদ চূড়ান্ত ঘোষণা আসবে সেটির নির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব না হলেও, বিটিভির মাধ্যমে আমরা একটি দারুণ সমাধান বের করবই। আমরা লক্ষ্য পূরণের খুব কাছাকাছি চলে এসেছি।'

২০২২ সালের কাতার বিশ্বকাপে বিটিভির মাধ্যমে সম্প্রচার স্বত্ব কেনায় প্রায় ১০০ কোটি টাকা খরচ হয়েছিল, যেখানে লেনদেনের প্রক্রিয়া নিয়ে পরবর্তীতে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন ওঠে। অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখে বাফুফে সভাপতি স্পষ্ট করেন যে, বর্তমান সরকার কোনোভাবেই অস্বচ্ছ বা নিয়ন্ত্রণের বাইরের কোনো প্রক্রিয়ার সাথে আপস করবে না।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, 'বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ক্রীড়ামন্ত্রী প্রথম দিন থেকেই প্রতিটি খাতে স্বচ্ছতা নিশ্চিতে নিরলস কাজ করছেন। সম্প্রচার স্বত্বের দামের চেয়েও আমাদের কাছে লেনদেনের স্বচ্ছতা বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এবার সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতা নিশ্চিত করেই বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করব, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।'


   আরও সংবাদ